রিয়াল মাদ্রিদে অনুশীলনে রোনালদো

December 15, 2022 at 05:07AM
from somoynews.tv | RSS Feed
বিশ্বকাপ স্বপ্নভঙ্গের পর এখন ক্লাব ফুটবলে নজর ক্রিস্টিয়ানো রোনালদোর। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্কের ইতি টেনে পর্তুগিজ তারকা এখন নতুন ক্লাবের খোঁজে। তার আগে নিজের পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদের অনুশীল ক্যাম্পে নিজের ট্রেইনিং সেশন চালিয়ে যাচ্ছেন সিআরসেভেন।
বুধবার (১৪ ডিসেম্বর) ফুটবলের ট্রান্সফার বিষয়ক ইতালিয়ান সাংবাদিক ফাবরিজিও রোমানো সামাজিকমাধ্যমে এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
রোমানো জানান, রিয়াল মাদ্রিদের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর ভালো সম্পর্ক রয়েছে। তিনি স্প্যানিশ ক্লাবটির একজন তারকা স্ট্রাইকার। যার প্রেক্ষিতে ক্লাব কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রোনালদো রিয়াল মাদ্রিদের অনুশীলন ক্যাম্প ভালদেবেবাসে বুধবার অনুশীলন করেছেন। তবে ক্লাবের কোনো ফুটবলারের সঙ্গে নয়, এককভাবে নিজের অনুশীলন সেরেছেন তিনি।
গুঞ্জন আছে, রিয়ালের হয়ে প্রায় এক দশক খেলা রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর আবারও স্প্যানিশ ক্লাবটিতে ফিরতে চান। ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় রিয়াল মাদ্রিদেই কাটিয়েছেন রোনালদো। ২০০৯ সাল থেকে ২০১৮ সালে এ ক্লাবটির হয়ে তিনি জিতেছেন চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। তাছাড়া তার পাঁচ ব্যালন ডি’অরের চারটিই এসেছিল এ ক্লাবে থাকতে। নিজের ক্যারিয়ারের সে স্বর্ণালী সময়ে ফিরতে রিয়াল মাদ্রিদকে নিজ থেকেই প্রস্তাব দিয়ে রেখেছেন রোনালদো।
আরও পড়ুন: বিশ্বকাপের পর সৌদির ক্লাবেই যাচ্ছেন রোনালদো!
এদিকে রিয়াল মাদ্রিদে অনুশীলন ক্লাবটিতে পর্তুগিজ তারকার ফেরার বিষয়ে নতুন করে সম্ভাবনা জাগিয়েছে। তবে এ বিষয়ে এখনো ক্লাব কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইংলিশ ক্লাব চেলসিও রোনালদোকে তাদের ক্লাবে ভেড়াতে চাইছে বলে নিশ্চিত করেছেন রোমানো। এর বাইরে সৌদি আরব, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক ক্লাবই তাকে দলে নেয়ার আগ্রহ প্রকাশ করেছে। শেষ পর্যন্ত রোনালদো কোথায় গিয়ে থিতু হন সেটাই এখন দেখার বিষয়।
এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তিক্ততা বাড়ায় গত ২২ নভেম্বর দুপক্ষের সমঝোতায় তাদের মধ্যে সম্পর্কের ইতি ঘটে। এরপর রোনালদো ব্যস্ত হয়ে পড়েন কাতার বিশ্বকাপে তার দেশ পর্তুগালকে নিয়ে। শেষবারের মতো ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ পা রাখা ৩৭ বছর বয়সী রোনালদোর যাত্রা শেষ হয় গত ১০ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মরক্কোর বিপক্ষে হেরে।
বিশ্বকাপ স্বপ্নভঙ্গের পর রোনালদো সামাজিকমাধ্যমে লেখেন, ‘পর্তুগালের জন্য একটা বিশ্বকাপ জেতা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ও উচ্চাকাঙ্খী স্বপ্ন ছিল। সৌভাগ্যবশত আমি আন্তর্জাতিক মানের বেশকিছু শিরোপা জিতেছি। কিন্তু আমাদের দেশের নাম সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়াটা আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল।’
আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লেন রোনালদো
তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে বলার জন্য খুব বেশি কিছু নেই। পর্তুগালকে ধন্যবাদ। কাতারকে ধন্যবাদ। স্বপ্নটা সুন্দর ছিল যতক্ষণ ভেঙে যায়নি। এখন সময়ই সঠিক পরামর্শ দেবে এবং প্রত্যেকেই নিজের বিষয়ে উপসংহার টানতে পারবে।’
আপাতত জাতীয় দলের হয়ে রোনালদোর কোনো ব্যস্ততা নেই। তাই আবার মনোনিবেশ করেছেন ক্লাব ফুটবলে। নতুন ক্লাবে যোগ দেয়ার আগে নিজেকে ফিট রাখছেন তার সবচেয়ে পছন্দের ক্লাব রিয়াল মাদ্রিদে।