ব্যাডমিন্টন খেলায় তর্কবিতর্কের জেরে ছুরিকাঘাতে কিশোর খুন, আহত ৫

December 02, 2022 at 06:24AM
from somoynews.tv | RSS Feed
কুমিল্লায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে তর্কবিতর্কের জেরে পাবেল (১৮) নামে এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিল এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
নিহত পাবেল চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের ফুলের নাওড়ী এলাকার নুরুল ইসলামের ছেলে।
আলকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঈন উদ্দিন ভূঁইয়া জানান, পাবেল তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার সময় পাবেল ব্যাডমিন্টন খেলার সময় ১০ থেকে ১২ জন দুর্বৃত্তরা এসে ব্যাডমিন্টন খেলা নিয়া তর্কবিতর্ক শুরু করে। একপর্যায়ে পাবেলকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে ফেনী হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় পাবেলের সাথে থাকা আরও ৫ জন আহত হয়। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।