রাজধানীতে ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী নিহত


December 05, 2022 at 05:52AM
from somoynews.tv | RSS Feed

রাজধানীর মেরুল বাড্ডা এলাকার ডিআইটি প্রজেক্টে ছুরিকাঘাতে আশফাকুর রহমান চৌধুরী শাতিল (২০) নামে এক শিক্ষার্থীর নিহত হয়েছে। এ ঘটনায় সোয়াইব হোসেন (১৮) নামে আরেক শিক্ষার্থী আহত হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিআইটি প্রজেক্ট ১৩ নম্বর রোডে এই ঘটনা ঘটে। 

শাতিলকে হাসপাতালে নিয়ে যাওয়া সায়েম শিকদার নামে এক ব্যক্তি জানান, সন্ধ্যার পর ১৩ নম্বর রোডে মানুষের জটলা ও চিৎকার-চেঁচামেচিতে সেখানে গিয়ে দেখেন শাতিল ও সোয়াইব রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। তখন দ্রুত তাদেরকে স্থানীয় এশিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৯টার দিকে শাতিলকে মৃত ঘোষণা করেন। 
 

সায়েম শিকদার বলেন, রকি নামের একজনসহ কয়েকজন মিলে তাদেরকে ছুরিকাঘাত করেছে বলে শুনতে পেরেছি। একই ঘটনায় রূপম দত্ত (১৮) নামে আরও একজন আহত হয়েছে। তার পিঠে ছুরিকাঘাত রয়েছে।


আরও পড়ুন : কমিটির দাবিতে সভাপতি জয়কে অবরুদ্ধ করল ঢাকা কলেজ ছাত্রলীগ


তিনি আরও জানান, সন্ধ্যার পর আড্ডা শেষে বাসায় ফিরছিল শাতিল, রূপম ও সোয়াইব। এদের মধ্যে রূপম একটু আগে আগে হাঁটছিল, পেছনে ছিল শাতিল ও সোয়াইব। এ সময় ১৩ নম্বর রোডে দাঁড়িয়ে থাকা রকি ও তার বন্ধুরা রূপমকে একা পেয়ে মারধর শুরু করে। এটি দেখে দৌড়ে গিয়ে রূপমকে বাঁচাতে চেষ্টা করে সোয়াইব ও শাতিল। এতে দুই পক্ষের মধ্যে মারামারি বেঁধে যায়। কিছুক্ষণ পরই ছুরিকাঘাত করে রকিসহ অন্যরা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।

রূপম ও সোয়াইব তেজগাঁও পলিটেকনিট ইন্সটিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী।

এদিকে, শাতিলের বাবা গোলাম মনিরুজ্জামান চৌধুরী জানান, তাদের বাসা ডিআইটি প্রজেক্টের ১১ নম্বর রোডে। গ্রামের বাড়ি ঢাকার দোহারে। বাংলাদেশ নৌবাহিনী কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল শাতিল।

অন্যদিকে আহত সোয়াইবের বাবা শাহজাহান মিয়া জানান, তাদের বাসা ডিআইটি প্রজেক্টের ৫ নম্বর রোডে। সোয়াইবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 



 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url