ফানুস না ওড়াতে অনুরোধ ফায়ার সার্ভিসের

January 01, 2023 at 06:51AM
from somoynews.tv | RSS Feed
অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটে ফানুস না ওড়াতে অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
শনিবার (৩১ ডিসেম্বর) রাতে সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন দেশবাসীর প্রতি এ অনুরোধ জানান।
গত বছর থার্টি ফার্স্ট নাইটে ওড়ানো ফানুস পড়ে সারা দেশে অন্তত ২০০টি স্পটে আগুন লাগে। শুধু রাজধানীতেই প্রায় ১০টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই অনুরোধ জানানো হয়।
তবে নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই নগরবাসীকে ফানুস ওড়ানোর পাশাপাশি আতশবাজি ও পটকা ফোটাতে দেখা গেছে।
শনিবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আগারগাঁও, মিরপুর, রামপুরা, বাড্ডা, পুরান ঢাকার চকবাজার, তাঁতী বাজার, রায়সারাজার, চানখারপুল এলাকায়সহ বিভিন্ন এলাকায় থার্টি-ফার্স্ট নাইটের আনন্দ উল্লাসের অংশ হিসেবে আতশবাজি ও পটকা ফোটাতে দেখা যায়।
আরও পড়ুন : ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করেই থার্টি ফাস্ট উদযাপন
রাত ১২টা বাজতেই একযোগে আতশবাজি ও ফানুসের আলোয় আলোকিত হয়ে ওঠে রাজধানীর রাতের আকাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুই শতাধিক ফানুস উড়ানো হয়। সঙ্গে তীব্র শব্দের সঙ্গে মুহুমুর্হ আতশবাজি আলোকিত করে চারদিক।
এর আগে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ঢাকা মহানগরীতে নেয়া সার্বিক নিরাপত্তার বিষয়ে শনিবার (৩১ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফ করেন ডিএমপি কমিশনার। সেখানে তিনি নগরবাসীর উদ্দেশে একগুচ্ছ নির্দেশনা দেন, যা না মানলে ব্যবস্থা নেয়ার ঘোষণাও দেন।