পুলিশের ১৫ দিনের বিশেষ অভিযান, গ্রেফতার ২৪ হাজার

December 20, 2022 at 06:13AM
from somoynews.tv | RSS Feed
সারাদেশে পুলিশের ১৫ দিনের বিশেষ অভিযানে মোট ২৩ হাজার ৯৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে পরোয়ানাভুক্ত ১৫ হাজার ৯৬৮ জন আসামি। অভিযানে ৫ হাজার ১৩২টি মামলা হয়েছে। এ সব মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ৮ হাজার জনকে।
সোমবার (১৯ ডিসেম্বর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।মনজুর রহমান বলেন, বিজয় দিবস, বড়দিন ও থার্টি ফাস্ট নাইট উদ্যাপন নিরাপদ করতেই সারা দেশে বিশেষ অভিযান চালানো হয়। সারা দেশে ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত গত ১৫ দিনে সারা দেশে পুলিশ ৩৩ হাজার ৪২৯টি অভিযান চালিয়েছে।
অভিযানে ২৩ হাজার ৯৬৮ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ১৫ হাজার ৯৬৮ জন। বাকি ৮ হাজার জনকে গ্রেফতার করা হয় বিভিন্ন অভিযোগে। এই আট হাজার জনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় নতুন মামলা হয়েছে পাঁচ হাজার ১৩২টি।
আরও পড়ুন: গ্রেফতার দেখানো হলো রিজভী, টুকুকে
পুলিশ সদর দফতরের এই কর্মকর্তা আরও বলেন, অভিযানে গ্রেফতারদের কাছ থেকে আটটি শুটার গান, তিনটি পিস্তল, পাঁচটি এলএমজি, আটটি বন্দুক, একটি পাইপগান ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
এআইজি জানান, ১৫ দিনের অভিযানে দুই লাখ ৮৬ হাজার ৫৯২ পিস ইয়াবা, সাত হাজার ৫৮১ কেজি গাঁজা, পাঁচ হাজার ৪১৫ বোতল ফেনসিডিল, ৮৬৯৮ গ্রাম হেরোইন ও ১১৭ গ্রাম ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়েছে।
পুলিশ সদর দফতর থেকে দেয়া অভিযানের আদেশে বলা হয়, গত ২০ নভেম্বর ঢাকা সিএমএম আদালত এলাকায় পুলিশ হেফাজত থেকে দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে ও বিজয় দিবস, বড়দিন এবং থার্টি ফাস্ট নাইট নিরাপদ করার লক্ষ্যে চলমান অভিযানের পাশাপাশি আগামী ১-১৫ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যান্য স্থানের পাশাপাশি আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীদের লুকিয়ে থাকার সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালানোর আদেশ দেওয়া হয়।