ততটা 'স্মার্ট-আধুনিক নন' রুমিন ফারহানা!

November 02, 2022 at 05:01AM
from somoynews.tv | RSS Feed
সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানাকে খোঁচা দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ততটা 'স্মার্ট-আধুনিক নন' রুমিন ফারহানা।
মঙ্গলবার (১ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে রুমিন ফারহানা অভিযোগ করেন, ভারতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তুলনায় চারগুণ বেশি খরচে নির্মাণ হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্প ব্যয় কেনো বেশি হচ্ছে, তা জানতে চান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর কাছে।
কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মূলত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রকল্প। রুমিন ফারহানার প্রশ্নের জবাব দিতে গিয়ে বিষয়টি তুলে ধরে খোঁচা দিতে ছাড়েননি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আরও পড়ুন: বিভিন্ন মন্ত্রণালয়-দফতরের কাছে বিদ্যুৎ বিভাগের পাওনা ১৮৯৩ কোটি টাকা
প্রতিমন্ত্রী বলেন, ‘আমি তাকে যতটা স্মার্ট ভেবেছিলাম, তিনি ততটা আধুনিক নন। তার তথ্য জানার জন্য যে ধরনের উপাত্ত থাকা দরকার, সেটাও নেই। কারণ, তিনি বুঝতে পারছেন না, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আমার মন্ত্রণালয়ের অধীনে নয়। প্রশ্নটা করা উচিত ছিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে।'
কোন মন্ত্রণালয়ের জন্য কী প্রশ্ন করতে হবে, পরবর্তীতে সে বিষয়ে সঠিক তথ্য জেনে আসতে রুমিন ফারহানাকে পরামর্শ দেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।