রাহুল গান্ধীকে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি

November 19, 2022 at 05:00AM
from somoynews.tv | RSS Feed
ভারতের প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস ।
শুক্রবার (১৮ নভেম্বর) রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা এখন রয়েছে মহারাষ্ট্রে। এরপরে তারা যাবেন মধ্যপ্রদেশের ইন্দোরে। তার আগেই ইন্দোর থেকে বোমা হামলার হুমকি পেলেন রাহুল গান্ধী।
হিন্দুস্তান টাইমস জানায়, ইন্দোরের জুনি থানা এলাকায় একটি মিষ্টি দোকানের বাইরে রাহুল গান্ধীকে হুমকি দিয়ে লেখা চিঠি উদ্ধার করা হয়েছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ।
আরও পড়ুন: দেশজুড়ে ঘৃণা ছড়াচ্ছেন মোদি: রাহুল গান্ধী
পুলিশ জানিয়েছে, চিঠি দিয়ে হামলার হুমকি দেয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় দণ্ডবিধির ৫০৭ ধারায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। সন্দেহভাজনের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। এছাড়া রাহুল গান্ধীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সেপ্টেম্বরে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা কর্মসূচি শুরু করেন রাহুল গান্ধী। দক্ষিণ ভারতের রাজ্যগুলি পার করে এখন তিনি রয়েছেন মহারাষ্ট্রে । ২০ নভেম্বর মধ্যপ্রদেশে প্রবেশ করবে রাহুল গান্ধীর পদযাত্রা। ২৪ নভেম্বর ইন্দোরের খালসা স্টেডিয়ামে সমাবেশ করবেন রাহুল গান্ধীসহ কংগ্রেস নেতাকর্মীরা।