প্রথমার্ধে এক গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র

November 22, 2022 at 01:58AM
from jagonews24.com | rss Feed
এক সময়ের দাপুটে ফুটবলার ছিলেন আফ্রিকার লাইবেরিয়ার জর্জ উইয়াহ। একমাত্র আফ্রিকান ফুটবলার হিসেবে জিতেছেন ব্যালন ডি অর। তার ছেলে টিমোথি উইয়াহ এবার বিশ্বকাপে খেলছেন যুক্তরাষ্ট্রের হয়ে। প্রথম ম্যাচেই একাদশে সুযোগ পেয়ে ওয়েলসের বিপক্ষে গোল করে দলকে প্রথমার্ধে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে রাখলেন তিনি।
দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল ১৯৫৮ সালের বিশ্বকাপে। এরপর প্রথমবারের মতো কাতার বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে ওয়েলস। কিন্তু প্রত্যাবর্তনটা সুখকর হলো না। ম্যাচের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের তরুণ তুর্কিরা ছড়ি ঘোরাতে থাকে ওয়েলসের ডিফেন্সের ওপর। ম্যাচের ৯ মিনিটে সার্জেন্টের শট গোলবারে লেগে ফিরে আসে। নাহলে শুরুতেই এগিয়ে যেতে পারতো তারা।
পুরো ম্যাচে মাঝমাঠ দখল করে রাখলে তেমন সুযোগ তৈরি করতে পারছিল না যুক্তরাষ্ট্র। অবশেষে সেই সুযোগটি আসে ৩২তম মিনিটে। মাঝমাঠ থেকে বল পেয়ে চেলসির উইঙ্গার পুলিসিচের বাড়ানো বলে ডি বক্সের ভেতর থেকে গোলরক্ষককে পরাস্ত করে দলকে এবারের বিশ্বকাপে প্রথম গোল এনে দেন টিমোথি উইয়াহ। প্রথমার্ধের শেষে যুক্তরাষ্ট্র আরও কিছু গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো ওয়েলস রক্ষণভাগে এসে পরাস্ত হয়। যার ফলে এক গোলের লিড নিয়ে খুশি থাকতে হয় অল আমেরিকানদের।
আরআর/জেডএইচ