হারের পর যা বললেন মেসি

November 23, 2022 at 05:21AM
from somoynews.tv | RSS Feed
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল সৌদি আরবের কাছে হেরেছে আর্জেন্টিনা। বিষয়টি সমর্থকদের কাছে যেমন অপ্রত্যাশিত, তেমনি অপ্রত্যাশিত লিওনেল মেসিদের কাছেও। ম্যাচ শেষে তাই হতাশাই ঝরল আর্জেন্টাইন অধিনায়কের কণ্ঠ থেকে। তবে এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে চায় আলবিসেলেস্তে শিবির।
সৌদির বিপক্ষে ২-১ ব্যবধানে হারের পর দলে ঐক্য ফেরানোর কথা বলছেন মেসি। হারের দায়ও তিনি নিচ্ছেন নিজেদের কাঁধে। মেসি জানান, ‘এখন আমাদের একতা ফেরাতে হবে। যেটা হয়েছে, আমরা তা প্রত্যাশা করিনি। তবে বিষয়টি আমাদের ওপরই নির্ভর করেছে।’
আরও পড়ুন: আর্জেন্টিনাকে হারানোয় সৌদিতে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা
সৌদি আরব ভালো খেলবে, এমন ধারনা মেসি আগেই করেছিলেন। ম্যাচ শেষে যেমন বললেন, ‘আমরা জানতাম ওরা এভাবে খেলতে পারে। তাড়াহুড়ো করেছি। মনে হয়নি যে আমরা ভালো খেলেছি। জানতাম ওরা সুন্দর লাইন মেনে খেলবে। মাঝেমাঝে আপনার মনে হবে এখনও অনেক কিছু করার আছে। কিন্তু যা হবে তা পরিবর্তনযোগ্য নয়।’
বিশ্বকাপের জন্য ধীরে ধীরে আর্জেন্টিনাকে তৈরি করেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। যা হওয়ার হয়ে গেছে। এখন কামব্যাক চান তিনি। ম্যাচ শেষে সাবেক এ ফুটবলার বলেন, ‘এখানে বিকল্প নেই। উঠে দাঁড়াও আর চলতে শুরু করো। আমাদের খুব বেশি বিশ্লেষণ করার প্রয়োজন নেই। আজকের দিনটা দুঃখের। কিন্তু আমাদের মাথা উঁচু করতে হবে এবং চলতে হবে।’
আরও পড়ুন: আর্জেন্টিনাকে নিয়ে যা বললেন মুফতি মেঙ্ক
স্ক্যালোনি আরও বলেন, ‘ম্যাচের প্রথম অর্ধেকে আমরাই ভালো খেলেছিলাম। তবে একটা গোলই ম্যাচের সবকিছু পরিবর্তন করে দিতে পারে। সৌদি আরবের দুটি গোল হয়েছে ৪৮ ও ৫১ মিনিটের সময়। হাতে আরও দুটি ম্যাচ বাকি আছে। আমরা প্রতিপক্ষকে হারাতে চেষ্টা করব।’