বাগেরহাটে ধর্মঘটে চাকরির পরীক্ষায় অনুপস্থিত ৬৬ শতাংশ

October 22, 2022 at 06:58AM
from somoynews.tv | RSS Feed
বাগেরহাটসহ খুলনা বিভাগে চলছে দুই দিনের পরিবহন ধর্মঘট। শুক্রবার (২১ অক্টোবর) ভোর থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা ও বাগেরহাটের অভ্যন্তরীণ কোনো রুটের বাস চলাচল করেনি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সমাজসেবা অধিদফতরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীরা।
এদিন বাগেরহাটে ৮ হাজার ৫৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিত ছিলেন মাত্র ২ হাজার ৯২৯ জন। যানবাহন না পাওয়া ৬৬ ভাগ পরীক্ষার্থী অনুপস্থিত থাকার অন্যতম কারণ বলে জানিয়েছেন পরীক্ষার্থী ও স্বজনরা। এ ছাড়া একই দিনে অন্যান্য নিয়োগ পরীক্ষা থাকাতেও কিছু পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারেননি বলে জানা যায়।
পরীক্ষার জন্য বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় শরণখোলা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েও আসতে না পারা এক পরীক্ষার্থী (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, দুদিন ধর্মঘট থাকবে জেনে বৃহস্পতিবার সন্ধ্যায় রওনা দিয়েছিলাম, কিন্তু আমাকে বিএনপির লোক মনে করে বাস থেকে নামিয়ে রাখে স্থানীয় নেতারা। অনুরোধ করলেও আসতে দেয়নি।
আরও পড়ুন: পরিবহন ধর্মঘটে বিড়ম্বনায় ঝিনাইদহের যাত্রীরা
বাসাবাটি রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা দেয়া শিউলি নামের এক পরীক্ষার্থী জানান, বাসা থেকে কেন্দ্রের দূরত্ব মাত্র ৪ কিলোমিটার। ধর্মঘটের কারণে এতটুকু পথ যেতে ১ ঘণ্টা লেগেছে। কিছুপথ হেটে, কিছুপথ ভ্যানে করে যেতে হয়েছে। ভোগান্তির কোনো শেষ ছিল না। আমাদের কক্ষে ৪০ জনের সিট থাকলেও উপস্থিত ছিলো মাত্র ১১ জন।
শরিফুল নামের অপর এক পরীক্ষার্থী জানান, তাদের কেন্দ্রে ৮০ জনের আসন বিন্যাস থাকলেও উপস্থিত ছিলো মাত্র ২৫ জন।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহিনুজ্জামান বলেন, সাড়ে আট হাজার পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন ৩৪ শতাংশ। এই পরীক্ষার বিজ্ঞপ্তি ৫ বছর আগের হওয়ায় অনেকের অন্যত্র চাকরি হয়েছে, আবার কেউ কেউ মোবাইল নাম্বার পরিবর্তন করায় মেসেজ পায়নি। এসব কারণে পরীক্ষার্থী কম আসতে পারে বলে জানান তিনি।