পুরস্কার পেল ব্রাহ্মণবাড়িয়ার দুর্গাপূজা উদ্যাপন পরিষদ

October 06, 2022 at 05:08AM
from somoynews.tv | RSS Feed
ভারতের দিল্লিভিত্তিক সংগঠন নারায়ণী নমস্তুতে দুর্গাপূজা এক্সেলেন্স অ্যাওয়ার্ডস-২০২২ এ সেরা প্রতিমা ও সেরা আলোকসজ্জার পুরস্কার অর্জন করেছে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার উচালিয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন পরিষদ।
গত সোমবার (৩ অক্টোবর) নারায়ণী নমস্তুতের বাংলাদেশের টিমের পরিদর্শনের মাধ্যমে এ পুরস্কার দেয়া হয়।
পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন নারায়ণী নমস্তুতে বাংলাদেশের অন্যতম উপদেষ্টা ও এফবিসিসিআই এর পরিচালক প্রীতি চক্রবর্ত্তী।
পুরস্কার প্রাপ্তিতে ডা. আশীষ বলেন, এটি আমাদের জন্য অনেক গর্বের। এমন পুরস্কার অর্জনে আমি সত্যিই আনন্দিত। এমন বড় প্রাপ্তি সামনে আরও বড় আয়োজনের উদ্যোগ এবং সামনে এগিয়ে যাওয়ার পথে পাথেও হয়ে থাকবে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর নাসিম, পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা সুদীপ দত্ত তনু, সভাপতি পার্থ চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক নারায়ণ চক্রবর্ত্তীসহ পূজারি ও ভক্তরা।
আরও পড়ুন : প্রতিমা বিসর্জনে এত মানুষ আগে দেখেনি কক্সবাজারবাসী
স্বর্গীয় আশুতোষ চক্রবর্ত্তীর বাড়িতে এবার ১৩তম দুর্গোৎসবের আয়োজনে করে উচালিয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন পরিষদ। বরাবরই এ পূজামণ্ডপটি সরাইল তথা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সেরা আলোকসজ্জা, লাইটিং এবং প্রতিমায় শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে এবং সবারই এ দুর্গোৎসব ঘিরে প্রচুর আগ্রহ তৈরি হয়ে থাকে।
দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দুর্গাপূজায় শ্রেষ্ঠত্বের শিরোপা জানাতে ২০১৮ সাল থেকে ‘ড্রিম নারচারিস্টস এভিনিউ’ এর ব্যানারে, নারায়ণী নমস্তুতে তাদের ঐকান্তিক প্রয়াস শুরু করে। ২০২১ এ নারায়ণী নমস্তুতে বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যেও তাদের কার্যক্রম পরিচালনা করে।