ঝালকাঠি সদর হাসপাতালে ডেঙ্গু ইউনিট চালু


October 08, 2022 at 01:33AM
from jagonews24.com | rss Feed

ঝালকাঠি সদর হাসপাতালে ডেঙ্গুরোগীদের জন্য পৃথক ইউনিট চালু করেছে কর্তৃপক্ষ। ১০০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালের দ্বিতীয় তলার পশ্চিম দিকে ১০টি বেড নিয়ে ডেঙ্গু ইউনিট চালু করা হয়েছে।

শহরের ৯নং ওয়ার্ডের বাসিন্দা সৈকত হোসেন ঢাকা থেকে জ্বর নিয়ে বাসায় ফেরেন। ওষুধ সেবনে সুস্থ না হওয়ায় তিনি চিকিৎসকের কাছে যান। এরপর তিনি ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়েছেন বলে ধরা পড়ে। পরে তিনি ঝালকাঠি সদর হাসপাতালের ডেঙ্গু ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন সৈকত।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান সানি বলেন, সৈকতের অবস্থা ছিল প্রাথমিক ধাপে (এ স্টেজে)। তাই তিনি দ্রুত সেরে উঠেছেন। এখন কারও জ্বরের সঙ্গে শরীরের জয়েন্টে ব্যথা কিংবা র‌্যাশ দেখা দিলে তাকে দ্রুতত ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। প্রাথমিক ধাপে থাকা অবস্থায় ডেঙ্গু ধরা পড়লে রোগী দ্রুত সেরে ওঠে। কিন্তু বাসায় থেকে চিকিৎসা নিয়ে যদি রোগের দ্বিতীয় ধাপে চলে যায়, তাহলে রোগী সেরে উঠতে সময় নেয়।

তিনি বলেন, অনেকে জ্বর হলে এখন করোনা মনে করেন। দুই রোগের জ্বরেও পার্থক্য রয়েছে। ডেঙ্গুর জ্বর করোনার তুলনায় উচ্চ মাত্রায় থাকে। সন্দেহ হলে দুটি পরীক্ষাই করাতে হবে। এবছর দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগের প্রকোপ বেশি।

ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এইচএম জহিরুল ইসলাম বলেন, ডেঙ্গুরোগীদের জন্য ইউনিট চালু করা হয়েছে। সেখানে সবধরনের সেবা দেওয়া হচ্ছে। রোগীর চাপের ওপর নির্ভর করে প্রয়োজনে এই ইউনিটে শয্যা বাড়ানো হবে।

আতিকুর রহমান/কেএসআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url