অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিশ্বাস্য ফিল্ডিং স্টোকসের

October 13, 2022 at 06:57AM
from somoynews.tv | RSS Feed
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২ ম্যাচ খেলেছেন বেন স্টোকস। ব্যাট-বল হাতে খুব একটা আলো কাড়তে পারেননি। তবে দ্বিতীয় ম্যাচে বুধবার (১২ অক্টোবর) অবিশ্বাস্য ফিল্ডিং দিয়েছেন তিনি।
তখন অস্ট্রেলিয়ার ইনিংসের ১২তম ওভার, বল করতে এসেছিলেন স্যাম কুরান। তার প্রথম বলই মিচেল মার্শ লং-অফের ওপর দিয়ে তুলে দেন। প্রায় অবধারিত ছক্কা একা হাতে রুখে দেন স্টোকস। তার অ্যাক্রোব্যাটিক ফিল্ডিং দেখে অবাক অনেকে। তাতে আরেক বার প্রমাণ হলো- স্টোকস বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের পাশাপাশি অসাধারণ ফিল্ডারও।
এদিন ১৭৯ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে ১৭০ রানেই অজিদের বেঁধে ফেলে ইংল্যান্ড, জস বাটলার বাহিনী জয় পায় ৮ রানে।। ম্যাচসেরা হন ডেভিড মালান।
আরও পড়ুন: প্রস্তুতি ম্যাচ থেকেই আফ্রিদিকে পাচ্ছে পাকিস্তান
রান তাড়া করতে নেমে ২২ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এর মধ্যে ডেভিড ওয়ার্নার ১১ বল খেললেও করেন মাত্র ৪ রান। আগের ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ৪৪ বলে ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস। ১৩ বলে ফিঞ্চ করেন ১৩ রান। ওয়ানডাউনে লড়াই চালান মিচেল মার্শ। তার ইনিংসটি থামে ২৯ বলে ৪৫ রানের মাথায়। গ্লেন ম্যাক্সওয়েল মেলে ধরতে পারেননি নিজেকে। ১১ বলে এই তারকা করেন কেবল ৮ রান। স্টোইনিস খেলেন ক্যামিও ইনিংস। ১৩ বলে তিনি করেন ২২ রান। এরপর টিম ডেভিড ঝড় তোলেন ইংলিশ বোলারদের ওপর। ২৩ বলে তিনি ৪০ রান করে আউট হন স্যাম কুরানের বলে।
জয় নাগালেই ছিল অস্ট্রেলিয়ার। গত কয়েক বছরে ফিনিশার ভূমিকায় সফল ম্যাথু ওয়েড ঠিকটাক কাজটা করতে পারেননি। ১০ বলে ১০ রান নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ১১ বলে কামিন্স করেন ১৮ রান। ইংল্যান্ডের হয়ে স্যাম কুরান ৩টি উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন বেন স্টোকস, ডেভিড উইলি ও রিস টপলি।
আরও পড়ুন: এক ম্যাচ খেলেই দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে ইয়ানসেন
শুরুতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করে ইংল্যান্ড। ৪৯ বলে ৭ চার ও ৪ ছয়ে ৮২ রান করে ডেভিড মালান। তাণ্ডব চালান মঈন আলিও। ২৭ বলে তিনি করেন ৪৪ রান। বাকিদের মধ্যে জস বাটলার ১৭, স্যাম কুরান ৮ রান করেন। বেন স্টোকস ও ক্রিস জর্ডান তোলেন ৭ রান করে। অস্ট্রেলিয়ার হয়ে মার্কাস স্টোইনিস ৩টি, অ্যাডাম জাম্পা ২টি উইকেট নেন। প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক নেন একটি করে উইকেট।