ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত আরও এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

October 02, 2022 at 06:36AM
from somoynews.tv | RSS Feed
ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত আরও এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দুই পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জহিরুল ইসলাম ওরফে হৃদয় (১৬)। সে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মীরগঞ্জ গ্রামের জেবল হকের ছেলে। জহিরুল ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের শেখ মজিবুল হক উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরিবারের অনুরোধে মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেয়া হয়েছে।
লেমুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোশারফ উদ্দিন নাসিম জানান, অতিদরিদ্র পরিবারের সন্তান জহিরুল লেখাপড়ার পাশাপাশি লেমুয়া ইউপি সচিবের সঙ্গে খণ্ডকালীন চাকরি করত। সে লেমুয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসম্পাদক ছিল। সে খুবই ভালো স্বভাবের ছিল।
একই দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক এসএসসি পরীক্ষার্থী এবং অপর একজন পরীক্ষার্থীর মা চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: নীলফামারীতে সড়কের বেহাল দশা, প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা
এছাড়াও অটোরিকশার চালক ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জহিরুলের মামা দিদারুল আলম জানান, জহিরুলের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার বাবা ও মা একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। দরিদ্র পরিবারটির অবলম্বন ছিল জহিরুল। জহিরুলের ছোট বোন স্থানীয় বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ছে।
এর আগে একই দুর্ঘটনায় আহত আলমাস উদ্দিন নামে অপর এক পরীক্ষার্থী মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর ) রাতে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
গত ২৫ সেপ্টেম্বর দুপুরে কৃষি বিষয়ের পরীক্ষা শেষে সিএনজি চালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে বাসের চাপায় তিন পরীক্ষার্থী, একজনের মা, চালকসহ পাঁচজন আহত হয়েছিলেন। এর মধ্যে দুজন এসএসসি পরীক্ষার্থী মারা গেল।
]]>