অতিরিক্তি টাকা না দেয়ায় সেবাগ্রহীতাকে পেটালেন ইউপি উদ্যোক্তা

October 06, 2022 at 04:58AM
from somoynews.tv | RSS Feed
বাগেরহাটের কচুয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড সংশোধন করার জন্য অতিরিক্ত টাকা না দেয়ায় সেবা গ্রহীতাকে মারধর করেছেন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা।
মঙ্গলবার (৪ অক্টোবর) কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদে রিপন ফকির (৪০) নামে এক ব্যক্তিকে মারধর করার ঘটনা ঘটে। পরে মারধরকারী উদ্যোক্তা মো. শাওন শেখকে চাকরিচ্যুত করেছেন পরিষদের চেয়ারম্যান এসএম আবু বকর সিদ্দিক।
রিপন ফকির বলেন, ১০ টাকা কেজির চাল ক্রয়ের জন্য দেয়া আমার সুলভ মূল্যের কার্ডের কিছু ভুল রয়েছে। এই ভুল সংশোধনের জন্য প্রায় একমাস ধরে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো. শাওন শেখের কাছে আসছি। কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে আমাকে ঘোরাতে থাকে। মঙ্গলবার সকালে আবারও ইউনিয়ন পরিষদে শাওন শেখের যাই। সে আমার কাছে কার্ড ঠিক করতে দুই হাজার টাকা চায়। আমি টাকা দিতে রাজি না হলে, রাগান্বিত হয়ে আমাকে স্কেল দিয়ে পিটায় এবং মারধর করে। আমি তার এ আচরণের বিচার চাই।
আরও পড়ুন: সেই ইউপি চেয়ারম্যানের দুর্নীতি তদন্তে কমিটি
শুধু রিপন ফকিরকে মারধরের অভিযোগ নয়, সেবা গ্রহীতাদের থেকে অতিরিক্ত টাকা গ্রহণ এবং তাদেরকে হয়রানির অভিযোগ রয়েছে শাওনের বিরুদ্ধে।
এ বিষয়ে শাওন শেখ বলেন, রিপন ফকিরকে বলেছিলাম কার্ড সংশোধনের জন্য দুই হাজার টাকা দিতে হবে। এটা বললে সে আমাকে গালিগালাজ করে। আমি শুধু স্কেল দিয়ে একটা বাড়ি দিয়েছি, এ জন্য চেয়ারম্যান আমাকে বরখাস্ত করেছেন।
গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবু বকর সিদ্দিক বলেন, শাওন শেখের বিরুদ্ধে একজন সেবা গ্রহীতা মারধরের অভিযোগ করেছেন। অভিযোগের পরে আমি শাওনকে বরখাস্ত করেছি। তাকে আর পরিষদের আসতে নিষেধ করা হয়েছে।