সাকিবের পদ্মাকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় জয় চট্টগ্রামের

October 29, 2022 at 11:28PM
from jagonews24.com | rss Feed
ভারতীয় খেলোয়াড় দেবিনান্দার বাল্মিকির হ্যাটট্রিকে হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় জয় পেয়েছে একমি চট্টগ্রাম। শনিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম ৭-১ গোলে শোচনীয়ভাবে হারিয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানের দল মোনার্ক পদ্মাকে।
দেবিন্দার বাল্মিকি মাত্র ১৫ সেকেন্ডে প্রথম গোল করে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দ্রুততম গোলের কৃতিত্ব দেখান। এরপর ২২ ও ২৫ মিনিটে দ্বিতীয় ও তৃতীয় গোল করে হকি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম হ্যাটট্রিক উপহার দিয়েছেন এই ভারতীয়। প্রথম ম্যাচে ওয়ালটন ঢাকার বিপক্ষে ৩-২ ব্যবধানের জয়ে দুটি গোল ছিল দেবিন্দারের। এ নিয়ে দুই ম্যাচ গোল করলেন তিনি।
৩৩ মিনিটে মোনার্ক পদ্মা একটি গোল করে ব্যবধান কমিয়ে পরে আরো চারটি খেয়েছে। পদ্মার গোলটি করেছেন কিং চিংলেসানা। ওই একবারই ম্যাচে উদযাপনের সুযোগ পেয়েছিল পদ্মা।
তাসিন ও রাজিব দাসের গোলে একমি চট্টগ্রাম ৫-১ ব্যবধানে এগিয়ে ম্যাচটি নিজেদের করে নিয়েছে। এরপর সিটুলের এবং মেহেদী হাসানের গোল একমি চট্টগামের জয়ের ব্যবধান বাড়িয়ে ৭-১ করেছে।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে টেবিলের তলানীতে মোনার্ক পদ্মা।
আরআই/আইএইচএস/