পিছিয়ে পড়েও দারুণ জয় পেল চেলসি

October 02, 2022 at 06:01AM
from somoynews.tv | RSS Feed
আন্তর্জাতিক বিরতি শেষে ফের মাঠে গড়িয়েছে ক্লাব ফুটবল। প্রিমিয়ার লিগে শনিবার (১ অক্টোবর) মাঠে নেমেছিল বেশ কয়েকটি বড় দল। সেলহার্স্ট পার্কে স্বাগতিক ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হয়েছিল জায়ান্ট চেলসি। দারুণ উত্তেজনায় ঠাঁসা ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে ব্লুজরা।
জার্মান কোচ থমাস টুখেলের বিদায়ের পর টানা দুই ম্যাচে জয়ের মুখ দেখল চেলসি। এদিন অবশ্য শুরুটা ভালো হয়নি ব্লুদের। ম্যাচের শুরতেই গোল খেয়ে পিছিয়ে পড়ে গ্রাহাম পর্টারের শিষ্যরা।
ম্যাচের সপ্তম মিনিটে ওদসোনে এদোয়ার্দ গোল করে এগিয়ে দেন প্যালেসকে। যদিও বল দখলে বা আক্রমণে চেলসিই এগিয়ে ছিল।
আরও পড়ুন:ত্রোসার্ডের হ্যাটট্রিকে ঘরের মাঠে জয় বঞ্চিত লিভারপুল
গোল খেয়ে ঘুরে দাঁড়ানোর জন্য জোর চেষ্টা চালাতে থাকে ব্লুরা। তবে সমতায় ফিরতে তাদের অপেক্ষা করতে হয় ৩৮ মিনিট পর্যন্ত। বার্সেলোনা থেকে এ মৌসুমে চেলসিতে যোগ দেয়া অবামেয়াংয়ের গোলে সমতায় ফেরে চেলসি। রিসে জেমসের দেয়া ক্রস বক্সে খুঁজে পায় চেলসির ব্রাজিলিয়ান সেন্টারব্যাক থিয়াগো সিলভাকে। সিলভার নেয়া হেড থেকে বোটম কর্নার দিয়ে দারুণ গোল করেন এই গ্যাবনিজ স্ট্রাইকার।
৪৫ মিনিটে অল্পের জন্য গোলবঞ্চিত হয় চেলসি। ম্যাসন মাউন্টের নেয়া ফ্রি-কিক জাল ঘেঁষে চলে যায় মাঠের বাইরে। প্রথমার্ধে ১-১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না চেলসি। ম্যাচ গড়াচ্ছিল ড্রয়ের দিকে। মালিকানা বদলে চেনা ছন্দে না থাকা ব্লুরা ছিল আরেকবার পয়েন্ট হারানোর শঙ্কায়।
আরও পড়ুন:টটেনহ্যামকে হারিয়ে শীর্ষ স্থান ধরে রাখল আর্সেনাল
ম্যাচের একদম অন্তিম মুহূর্তে চেলসির ত্রাতা হয়ে আসেন মিডফিল্ডার কনর গ্যালাঘার। ক্রিস্টিয়ান পুলিসিচের পাস থাকে গোল করে জয় নিশ্চিত করেন এই ইংলিশ মিডফিল্ডার।
এই জয়ে ৭ ম্যাচে ৪ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে চেলসি। অন্যদিকে মাত্র এক জয় পাওয়া ক্রিস্টাল প্যালেস ৬ পয়েন্ট নিয়ে আছে ১৭ নম্বরে।