ঢাকার মহাসমাবেশ সফল করতে বিএনপির যৌথসভা, প্রস্তুতির আহ্বান


October 26, 2022 at 01:39AM
from jagonews24.com | rss Feed

 

এ মুহুর্তে দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় হলো, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় হতে যাওয়া বিএনপির মহাসমাবেশ। এদিন কী হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও, মহাসমাবেশ সফল করতে কেন্দ্র থেকে ঢাকা বিভাগের প্রতিটি সাংগঠনিক জেলাকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগের নেতাদের নিয়ে যৌথসভা করে দলটি। এ সভায় প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়।

জানতে চাইলে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ জাগো নিউজকে বলেন, যৌথসভায় উপস্থিত নেতাদের আগামী ১০ ডিসেম্বরের মহাসমাবেশ সফল করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা-মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সংশ্লিষ্ট ইউনিট কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করে একই নির্দেশনা দিতে বলা হয়েছে।

বৈঠকে উপস্থিত নেতারা জানান, যৌথসভায় কোন জেলা বা মহানগর থেকে কতজন নেতা-কর্মী নিয়ে মহাসমাবেশে যোগ দেবেন তা জানানা হয়েছে।

এছাড়াও সমাবেশ সফল করতে একাধিক উপ-কমিটি নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তী বৈঠকে এসব উপকমিটি গঠন করা হতে পারে।

মহাসমাবেশের দলনেতা বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদের পরিচালনায় যৌথসভায় প্রধান অতিথি ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য ও মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির উপদেষ্টা মির্জা আব্বাস।

মির্জা আব্বাস বলেন, আমরা এ পর্যন্ত চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় তিনটি সমাবেশ করেছি। এ অভিজ্ঞতা ঢাকার মহাসমাবেশে কাজে লাগবে। তবে আমরা সরকারের ফাঁদে পা দেবো না।

যৌথসভায় আরও অংশ নেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, আফরোজা খানম রীতা, খায়রুল কবির খোকন, ড. আসাদুজ্জামান রিপন, সরাফত আলী সপু, আমিনুল হক, রফিকুল আলম মজনু, আবদুল কালাম আজাদ সিদ্দিকী, বেনজীর আহমেদ টিটু, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আকরামুল হাসান।

আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলার বিএনপি নেতা ডা. দেওয়ান মো. সালাহ উদ্দীন বাবু ও খন্দকার আবু আশফাক, গাজীপুর জেলার ফজলুল হক মিলন ও রিয়াজুল হান্নান, ঢাকা মহানগরের সোহরাব উদ্দিন ও শওকত হোসেন সরকার, মুন্সীগঞ্জের আবদুল হাই ও কামরুজ্জামান রতন, নারায়ণগঞ্জ মহানগরের অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ ৯০ জন নেতা।

কেএইচ/এসএএইচ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url