হামজা চৌধুরীকে পেতে ইংলিশ ক্লাবকে চিঠি দিল বাফুফে


October 05, 2022 at 05:53AM
from somoynews.tv | RSS Feed

হামজা চৌধুরীকে পাওয়ার জন্য ইংলিশ ক্লাব লেস্টার সিটিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যদিও হামজার ক্লাবের তরফ থেকে এখনো কোনো প্রকার সাড়া পায়নি ফেডারেশন। গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

বাংলাদেশি বংশোদ্ভুত হামজা এখন খেলছেন ওয়াটফোর্ডের হয়ে। লেস্টার থেকে ধারে খেলার জন্য চ্যাম্পিয়নশিপের এই ক্লাবটিতে এসেছেন তিনি। লাল সবুজদের হয়ে এই ফুটবলারের খেলার কথা চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে বাফুফে প্রথম পদক্ষেপও নিল।

আরও পড়ুন: বিশ্বকাপে ‘এ’ গ্রুপে বাংলাদেশ, দেখে নিন সূচি

লেস্টারের সঙ্গে যোগাযোগ করার ব্যাপারটি নিশ্চিত করে আবু নাঈম বলেন, ‘আমরা তার (হামজা) ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছি। তার সঙ্গে তো যোগাযোগ করা যায় না, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে ক্লাবের সঙ্গেই যোগাযোগ করতে হয়। ক্লাবের অনুমতি নিয়ে, ফুটবলের নিয়ম মেনেই সব কাজ করতে হবে।’

বাংলাদেশের হবিগঞ্জে হামজা চৌধুরীর নানাবাড়ি। ছোটবেলায় সেখানকার আলো-বাতাস না পেলেও বেশ কয়েকবার বাংলাদেশের এসেছেন। বাংলাদেশি বংশোদ্ভুত বলে হামজাকে লাল সবুজ জার্সিতে দেখার গুঞ্জন তাই আগে থেকেই ছিল, সেটা জোরালো হয় তার এক সাক্ষাৎকারের পর। সাক্ষাৎকারে হামজা বলেছিলেন, ‘হ্যাঁ, আমি বাংলাদেশের হয়ে খেলতে চাই। আমি এখানে থাকলে আগামী কয়েক বছরে আরও ভালো পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারব। তবে আমি বাংলাদেশে গিয়ে খেলতে পারলে আরও গর্বিত হব। সেখানে নিয়মিত খেলতে চাই।’

হামজা আরও বলেছিলেন, ‘প্রথমে আমি অবাক হয়েছিলাম, আমার সাফল্যে বাংলাদেশ থেকে অনেক শুভকামনা পেয়েছি। তাদের কাছ থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি। ভালো কিছু করলে দেশ থেকে সবাই সমর্থন জানাত। আমার মা সারা রাত জেগে থাকতেন। কারণ, আমার খালা এবং কাজিনরা বাংলাদেশ থেকে ফোন করবেন।’

আরও পড়ুন: ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে চায় বাংলাদেশ

হামজার ওই সাক্ষাৎকারের পর ওয়াটফোর্ড কোচ রব এডওয়ার্ডস বলেন, ‘আমি মনে করি চৌধুরী যা (বাংলাদেশের হয়ে খেলা) করার আগ্রহ প্রকাশ করেছে, সেটা করতে পারলে অনেক ভালো হবে। সে বাংলাদেশের ‘আলোক-সংকেত’ হতে পারে। ওর কাছ থেকে অন্যরা অনুপ্রাণিত হবে, অনেক কিছু শিখতে পারবে।”

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url