শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠান থেকে ছুরিসহ আটক ৪

September 29, 2022 at 05:27AM
from somoynews.tv | RSS Feed
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি থেকে ছুরিসহ চারজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন।
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান থেকে তাদের আটক করা হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. মমতাজ উদ্দিন ফকির সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তারা ১০-১২ জন ছিল। এরমধ্যে এক মেয়েসহ চারজনকে আটক করা হয়েছে। কথা বলতে বলতে বাকিরা সরে পড়েছে। আটকদের মধ্যে লিখন নামে একজন আমাদের কাছে দাবি করেছে, তারা সবাই স্টুডেন্ট। সুপ্রিম কোর্টে এসেছিল। এখানে অনুষ্ঠান দেখে ঢুকে পড়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপিত
মমতাজ উদ্দিন ফকির বলেন, তবে তারা এক-একসময় এক-একরকম কথা বলছে। তারা তো দাওয়াত পেয়ে আসেনি। এজন্য তাদেরকে ধরে পুলিশে দেয়া হয়েছে। পুলিশ খতিয়ে দেখবে তারা কারা। একটা অনুষ্ঠানে তো যে কেউ ছুরি নিয়ে ঢুকে পড়তে পারে না। এটা তো অন্যায়। তারা যদি স্টুডেন্টও হয়ে থাকেন, তবুও তদন্ত হওয়া উচিত।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ শেখ হাসিনার জন্মদিনে কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করে। পরে বঙ্গবন্ধু কন্যার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. মমতাজ উদ্দিন ফকির, সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান মনির, সাবেক সম্পাদক ব্যারিস্টার বশির আহিমেদ, সাবেক সম্পাদক মো. মোমতাজ উদ্দীন আহমেদ মেহেদী, বাংলাদেশ বার কাউন্সিলের নেতা ও প্রসিকিউটর মো. মোখলেসুর রহমান বাদল প্রমুখ।