মার্সিসাইড ডার্বিতে পয়েন্ট হারাল লিভারপুল

September 04, 2022 at 06:33AM
from somoynews.tv | RSS Feed
গত মৌসুমে দারুণ লড়াই করে এক পয়েন্টের জন্য লিগ জিততে পারেনি প্রিমিয়ার লিগ জায়ান্ট লিভারপুল। কিন্তু এই মৌসুমে ইনজুরি জর্জরিত দলটার পারফরম্যান্সে ভাটার টান। প্রিমিয়ার লিগে ফের পয়েন্ট হারিয়েছে তারা। শনিবার (৩ সেপ্টেম্বর) মার্সিসাইড ডার্বিতে এভারটনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লিভারপুল। ৬ ম্যাচে এটি তৃতীয় ড্র শিরোপাপ্রত্যাশী দলটার।
মার্সিসাইড ডার্বিকে প্রিমিয়ার লিগের অন্যতম জমজমাট লড়াই বলে অবিহিত করা হয়। এবারের ডার্বিও কম উত্তেজনা ছড়ায়নি। দুদলের খেলোয়াড়দের শরীরী ভাষাতেই ফুটে উঠছিল উত্তেজনা। প্রথমার্ধেই কয়েকবার কথা কাটাকাটি করতে দেখা গেছে দুদলের খেলোয়াড়দের। মাঠের খেলাতেও অবশ্য ছিল রোমাঞ্চ। আক্রমণ-প্রতিআক্রমণে জমে উঠেছিল ম্যাচটি।
তবে পয়েন্ট হারিয়ে নিজেদের দুর্ভাগা ভাবতে পারে এভারটন। ৭০ মিনিটে লিভারপুলের জালে বল পাঠিয়ে গুডিসন পার্কের দর্শকদের আনন্দে ভাসিয়েছিলেন কনর কোডি। তবে উল্লাস থেমে যেতে সময় লাগেনি খুব একটা। অফসাইড সন্দেহে বেশ কয়েকবার সেই গোলটি ভিএআরে চেক করে বাতিল করেন রেফারি।
আরও পড়ুন:হ্যাটট্রিক জয় ম্যানচেস্টার ইউনাইটেডের
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে দুদল। তবে প্রথম ৩০ মিনিট গোলরক্ষকদের পরীক্ষায় ফেলতে পারেনি কোন দলই। ৩৩ মিনিটে অবশ্য এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পায় এভারটন। ডান প্রান্ত থেকে উড়ে আসা একটা বল ঠিকভাবে বিপদমুক্ত করতে পারেননি লিভারপুলের ডিফেন্ডার জো গোমেজ। বল পেয়ে দারুণ শট নিয়েছিলেন এভারটনের টম ডেভিস। কিন্তু তার প্রচেষ্টা ব্যহত হয় পোস্টে লেগে।
বল পোস্টে মেরেছেন লিভারপুলের নতুন তারকা ডারউইন নুনেজ ও লুইস দিয়াজও। ৪৪ মিনিটে নুনেজের শট ডান পাশের পোস্টে লেগে গোলে ঢুকতে ঢুকতেও বেরিয়ে আসে। ফিরে আসা বল পান দিয়াজ। তার শটও পোস্টে লাগলে হতাশা জেঁকে ধরে অলরেডদের।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোলের সুযোগ পান দিয়াজ-নুনেজ। কিন্তু শট লক্ষ্যে রাখতে পারেননি। লিভারপুলের হয়ে গোল মিস করেছেন সিমিকাসও। ছোট ডি-বক্সে বল পেয়ে বারের উপর দিয়ে মেরেছেন তিনি।
আরও পড়ুন:আট ক্লাবকে উয়েফার জরিমানা
এরপর ৭০ মিনিটে আসে কোডির গোল বাতিলের মুহুর্তটি। শেষ ১০ মিনিটে লিভারপুলকে বেশ কয়েকবার বাঁচান গোলরক্ষক অ্যালিসন বেকার। এদিনের ম্যাচেও নিষ্প্রভ ছিলেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে তার খুব কাছ থেকে নেওয়া শট ঠেকিয়ে এভারটনকে মূল্যবান একটি পয়েন্ট এনে দেন গোলরক্ষক পিকফোর্ড।
এই ড্রয়ে ছয় ম্যাচে ২ জয়য়, ৩ ড্র ও ১ হারে ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকল লিভারপুল। অন্যদিকে সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে এভারটন।