দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ তাণ্ডব চালাতে পারে টাইফুন ‘হিন্নামনর’

September 05, 2022 at 05:24AM
from somoynews.tv | RSS Feed
দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ তাণ্ডব চালাতে পারে শক্তিশালী টাইফুন ‘হিন্নামনর’। এমন আশঙ্কায় দক্ষিণাঞ্চলের জন্য সর্বোচ্চ সতার্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদফতর।
বলা হচ্ছে, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক টাইফুন হতে পারে ‘হিন্নামনর’। বুধবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় এ টাইফুনের প্রভাবে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
পূর্ব চীন সাগরে তোলপাড় সৃষ্টি করে টাইফুন হিন্নামনর ইতোমধ্যে ধীরে ধীরে কোরিয়ার দিকে অগ্রসর হতে শুরু করেছে। তাই গোয়াংজু, বুসান ও জেজুসহ দক্ষিণাঞ্চলের বেশিরভাগ শহরের বাসিন্দাদের সতর্ক থাকা ও নিরাপদ আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার।
হিন্নামনরের প্রভাবে দেশটির বেশিরভাগ জায়গায় রোববার (৪ সেপ্টেম্বর) ভারি বৃষ্টিপাত শুরু হয়। রোববার ও মঙ্গলবারের (৬ সেপ্টেম্বর) মধ্যে দেশটিতে ১০০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
তবে জেজুর পার্বত্য অঞ্চলে ইতোমধ্যে ৬০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। এদিকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ার স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
দেশটির আবহাওয়া অধিদফতর বলছে, কয়েক বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই ঘূর্ণিঝড় মঙ্গলবার নাগাদ দক্ষিণ কোরিয়ায় আঘাত হানতে পারে। সেই সঙ্গে প্রবল বাতাসসহ ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি এটি সুপার টাইফুনেও পরিণত হতে পারে।
আরও পড়ুন: ধেয়ে আসছে সবচেয়ে বিধ্বংসী টাইফুন ‘হিন্নামনর’
আবহাওয়া সংস্থার সিনিয়র বিশ্লেষক উ জিন-কিউ সতর্ক করে বলেন, এটি কোরিয়ায় আঘাত হানা সবচেয়ে ধ্বংসাত্মক টাইফুনগুলোর মধ্যে একটি হতে পারে। বর্তমানে রেকর্ড করা সর্বোচ্চ বাতাসের গতির ওপর ভিত্তি করে হিন্নামনর ২০২২ সালের সবচেয়ে শক্তিশালী ঝড় হতে পারে।
এদিকে প্রেসিডেন্ট ইওন সুক-ইওল রোববার টাইফুন পরিস্থিতি ও সতর্কতা নিয়ে জরুরি বৈঠক করেছেন। সরকারের শীর্ষ কর্মকর্তাদের ঝড়ের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়ার নিদের্শ দিয়েছেন তিনি।
টাইফুন হিন্নামনর রোববার পর্যন্ত তাইওয়ানের তাইপের উত্তর-পূর্ব জলসীমার ওপর দিয়ে ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে।