প্রধানমন্ত্রীর জন্মদিনে ১০ ব্যক্তির মরণোত্তর দেহদান ঘোষণা


September 29, 2022 at 06:20AM
from somoynews.tv | RSS Feed

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে চাঁদপুরের ১০জন বিশিষ্ট ব্যক্তি মরণোত্তর অঙ্গ ও দেহদান করার ঘোষণা দিয়েছেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে আদালতে এফিডেভিটের মাধ্যমে তারা তাদের অঙ্গ ও দেহদানের অঙ্গীকার সম্পন্ন করেছেন।

চাঁদপুরের রক্তদান ও সামাজিক সংগঠন জীবনদীপ আয়োজিত অনুষ্ঠানে তারা এই অঙ্গীকারাবদ্ধ হন।


বিশিষ্ট এই ব্যক্তিরা হলেন- চাঁদপুরের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা লীলা মজুমদার, তার স্বামী বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বাসুদেব মজুমদার, বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, তার স্ত্রী মুক্তিযুদ্ধের শব্দসৈনিক ও সঙ্গতি শিল্পী কৃষ্ণা সাহা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শোভা রাণী বিশ্বাস, সাংস্কৃতিক কর্মী সোহেল আহম্মেদ ভূঁইয়া, ব্যবসায়ী কানু দেবনাথ, সুইট হোমের মালিক সাগরিকা মজুমদার, কৃষ্টক্যাপের স্বত্বাধিকারীর স্ত্রী হ্যাপী রাণী সাহা এবং শিখা চক্রবর্তী।


সংগঠনের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ও ১০ ব্যক্তি মরণোত্তর অঙ্গ ও দেহদান ঘোষণা  চাঁদপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আনুষ্ঠানিকতা ও আলোচনা সভার মাধ্যমে সম্পন্ন হয়।


অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম জিয়াউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।


আরও পড়ুন: শেখ হাসিনার ৭৬তম জন্মদিন


প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান বলেন, বর্তমান সময়ে আমরা এখন শুধুমাত্র নিজেকেই নিয়ে বেশি চিন্তা করি। অপরের চিন্তা করি না। আজকে যারা মরণোত্তর অঙ্গ ও দেহদানের অঙ্গীকার করলেন তারা অপরের কথা চিন্তা করেন। আর চিন্তা করেন বিধায় তারা নিজের প্রিয় জিনিসগুলো দান করেছেন।


তিনি আরও বলেন, জীবনদীপ নামে এই সংগঠনটি যিনি প্রতিষ্ঠাতা তিনি প্রথম থেকেই মানুষের কথা চিন্তা করে রক্ত দান করেছেন। রক্ত দান করা বর্তমানে কোন ভয়ের কিছু না। কিন্তু যারা মৃত্যুর পরে নিজেদের অঙ্গগুলো দান করেছেন, সেখানে অনেক কিছুর ব্যাপার থাকে। যারা নিজের অঙ্গ দান করেছেন তারা মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন। তাদের দেখাদেখি আমরাও অনুপ্রাণিত হবো। পরিশেষে জেলা ও দায়রা জজ জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ হায়াত ও সুস্বাস্থ্য কামনা করেন।


এ বিষয়ে জীবনদীপের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার বলেন, যারা মরণোত্তর অঙ্গ ও দেহদান করবেন তারা সবাই আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রধানমন্ত্রীর জন্মদিনে আমরা শুভ কাজটি করেছি। যেমন প্রধানমন্ত্রীর জন্মদিনে কেউ রক্তদান করেন, কেউ অসহায় মানুষজনকে খাওয়ান। তেমনি আমরা একটি ভালো কাজ করেছি।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি ও পিপি জহিরুল ইসলাম চৌধুরী, জিপি. আব্দুর রহমান, সাবেক সভাপতি  সেলিম আকবর, সাবেক সাধারণ সম্পাদক, বিশেষ পিপি সাইয়েদুল ইসলাম বাবু প্রমুখ।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url