গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

September 11, 2022 at 06:08AM
from somoynews.tv | RSS Feed
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দুর্বৃত্তের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কালিয়াকৈরের মৌচাক এলাকার নর্থ বেঙ্গল ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
হামলার শিকার আসাদুল্লা লায়ন ইংরেজি দৈনিক ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ এর অপরাধ বিভাগে সাংবাদিকতা করেন। এ ঘটনায় গোপন ভিডিওতে হামলাকারীদের চিহ্নিত করা গেলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার অভিযোগ উঠেছে।
সাংবাদিক লায়নের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত চার ব্যক্তিকে অভিযুক্ত করে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ঘটনার বিবরণে লায়ন উল্লেখ্য করেন, শুক্রবার দুপুরে ঢাকা থেকে কালিয়াকৈর যাওয়ার পথে ‘নর্থ বেঙ্গল ফিলিং স্টেশন’ মোটরসাইকেলে তেল নেয়ার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২২৫০২৮) তাদের চাপা দিতে তেড়ে আসে। পরে প্রাইভেটকার থেকে কয়েকজন নেমে তাকে অকথ্য ভাষায় প্রথমে গালাগাল করে, পরে লাঠি দিয়ে জখম করে। এতে সাংবাদিক লায়ন ও তার বন্ধু শান্ত আঘাতপ্রাপ্ত হয়।
আরও পড়ুন: সাংবাদিকদের ওপর হামলা মামলা ও নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন
এ বিষয়ে আসাদুল্লা লায়ন বলেন, হঠাৎ আমাদের ওপর হামলা চালায় কয়েকজন সন্ত্রাসী। এক পর্যায়ে ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করা হয়। পরে ভিডিও রেকর্ড ও স্থানীয়দের বর্ণনায় পুলিশ জড়িতদের শনাক্ত করে। এরপরও হামলাকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।