‘আ. লীগের দালাল’ বলে সাংবাদিককে পেটাল বিএনপি কর্মীরা


September 27, 2022 at 05:53AM
from somoynews.tv | RSS Feed

রাজধানীতে বিএনপির সমাবেশে সংবাদ সংগ্রহের কাজে গিয়ে হামলার শিকার হয়েছেন বেসরকারি দেশ টেলিভিশনের রিপোর্টার আদ্য আনোয়ার ও ক্যামেরাম্যান দেলোয়ার হোসেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে হাজারীবাগে শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন মাঠে হামলার শিকার হন তারা।


জানা যায়, দুপুর ৩টার দিকে ঢাকা দক্ষিণ বিএনপির উদ্যোগে সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু দুপুর ২টার পর থেকে দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে শুরু করেন। এ সময় রিপোর্টার ও ক্যামেরাম্যান তাদের রাজনৈতিক বিষয়ে প্রশ্ন করলে ক্ষুব্ধ হয়ে ‘আওয়ামী লীগে’র দালাল বলে গালিগালাজ এবং মারধর করেন।

 

আরও পড়ুন:  ‘বিএনপি সহিংস পথে হাঁটলে রাজপথেই মোকাবিলা করা হবে’


দেশ টেলিভিশনের সিনিয়র সাংবাদিক মো. আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের একজন সাংবাদিকের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। এটা নিন্দনীয় ঘটনা। আওয়ামী লীগের দালাল বলে তারা তাদের মারধর করেছেন।


তিনি আরও বলেন, এ ঘটনায় আমাদের ক্যামেরাম্যানও আহত হয়েছেন। এটার একটা আইনগত ব্যবস্থা নেয়া দরকার।


এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সহ সভাপতি রেজোয়ানুল হক রাজা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু। এছাড়াও প্রতিবাদ জানিয়েছে টেলিভিশন, ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার।

 

আরও পড়ুন:  হাজারীবাগে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, আহত কয়েকজন


দেশ টেলিভিশনের সাংবাদিকের ওপর বিএনপির কর্মীদের হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। তিনি বলেন, তারা মুখে গণতন্ত্রের ছবক দেয় আর গণমাধ্যমকর্মীদের ওপর হামলা করে। এটিই বিএনপির চরিত্র।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url