হাফেজ তাকরিম বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছে: ধর্মপ্রতিমন্ত্রী

September 28, 2022 at 05:00AM
from somoynews.tv | RSS Feed
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, হাফেজ সালেহ আহমদ তাকরিম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বায়তুল মুকাররম মসজিদের পূর্ব সাহানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সৌদি আরবে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করায় বাংলাদেশি প্রতিযোগী হাফেজ সালেহ আহমদ তাকরিমের সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, সৌদি আরবে অনুষ্ঠিত বিশ্বের অত্যন্ত মর্যাদাপূর্ণ পবিত্র হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলার এই ক্ষুদে হাফেজ মাত্র ১৩ বছর বয়সে পৃথিবীর ১১১টি দেশের প্রতিযোগীদের মধ্যে (১৫ পারা হিফজ ক্যাটাগরিতে) তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের জন্য যে সম্মান বয়ে এনেছেন তা এ দেশের শিশু-কিশোরদের দারুণভাবে অনুপ্রাণিত করবে।
আরও পড়ুন: হাফেজ তাকরিমকে স্বাগত জানাতে মাঝরাতে বিমানবন্দরে ভিড়
অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে হাফেজ সালেহ আহুমদ তাকরিমের হাতে দুই লাখ টাকার চেক, ক্রেস্ট ও বই তুলে দেন।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মু. আব্দুল আউয়াল হাওলাদার, হাফেজ তাকরীমের পিতা হাফেজ আব্দুর রহমান ও হাফেজ তাকরিমের মাদ্রাসা মারকাজে ফায়জিল কুরআনের মুহতামীম মুফতি মুরতাজা হাসান ফয়েজী।