সোনাইমুড়ীতে সংঘর্ষ: হাইকোর্টে বিএনপি নেতা খোকনের আগাম জামিন

September 06, 2022 at 11:10PM
from jagonews24.com | rss Feed
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। তাকে আট সপ্তাহ পরে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।
২৭ আগস্ট মাহবুব উদ্দিনসহ ৪৯৪ জনের নামে সোনাইমুড়ী থানায় মামলা হয়। মামলায় খোকনসহ ৯৪ জনের নাম উল্লেখ করে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় ছাত্রদলের দুই নেতা হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি। বিকেলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে আসার পথে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের ব্যবহৃত একটি গাড়িসহ কয়েকটি যানবাহন ভাঙচুর ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
এফএইচ/এমএইচআর