ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ওসিসহ আহত ৮

September 11, 2022 at 07:23AM
from somoynews.tv | RSS Feed
মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ওসিসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজৈর উপজেলার বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সপ্তাহখানেক আগে মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় যুব সমাজ। শনিবার বিকেলে বেপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় অংশ নেয় পশ্চিম রাজৈর একাদশ ও বদরপাশা একাদশের খেলোয়াড়রা।
খেলায় মাঝামাঝি সময়ে মাঠের ভেতর পশ্চিম রাজৈর একাদশের খেলোয়াড় সুমন আকনের সাথে বদরপাশা একাদশের খেলোয়াড় রাকিব মাতুব্বরের কথা কাটাকাটি হয়। এ সময় দু’জনের মধ্যে হাতাহাতি ও ধস্তধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আরও পড়ুন: খেলতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। এ সময় রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ, সেকেন্ড অফিসার (এসআই) নাজমুল হাসানসহ উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, পরবর্তীতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।