চিতাগুলোর পাহারায় থাকবে জার্মান শেফার্ড

September 28, 2022 at 05:12AM
from somoynews.tv | RSS Feed
ভারতে সম্প্রতি নামিবিয়া থেকে আটটি চিতাবাঘ আনা হয়েছে। চিতাগুলোকে ছেড়ে দেয়া হয়েছে মধ্যপ্রদেশের একটি অভয়ারণ্যে। এগুলোর রক্ষায় ব্যাপক তৎপর দেশটির সরকার।
এনডিটিভির খবরে বলা হয়েছে, চিতাগুলোকে শিকারীদের হাত থেকে বাঁচাতে মোতায়েন করা হচ্ছে একপাল কুকুর। তবে যে সে কুকুর নয়, জার্মান শেফার্ড বা অ্যালসেশিয়ান জাতের। মোট ছয়টি জার্মান শেফার্ডকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হচ্ছে ‘সুপার স্নিফার’ স্কোয়াড।
ভারতে এক সময় চিতাবাঘ ছিল। তবে গত শতকে এর সংখ্যা ব্যাপকহারে কমতে থাকে। ১৯৫২ সালে দুরন্ত গতির মাংসাষী প্রাণীটিকে সরকারিভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়।
এরপর প্রায় ৭০ বছর পর চলতি মাসেই আবারও দেশটিতে ফিরে আসে চিতাবাঘ। গত ১৭ সেপ্টেম্বর আফ্রিকার দেশ নামিবিয়া থেকে আটটি চিতাবাঘ আনা হয়।
আরও পড়ুন: তাজমহল রক্ষায় ভারতের শীর্ষ আদালতের নতুন নির্দেশনা
এদিন স্থানীয় সময় সকাল ৮টায় মধ্যপ্রদেশের গোয়ালিয়ায় চিতাবাঘ বহনকারী একটি বিমান অবতরণ করে। এরপর চিতাগুলোকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে কুনো ন্যাশনাল পার্কে নিয়ে যাওয়া হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চিতাগুলোকে উপহার হিসেবে পাঠিয়েছে নামিবিয়া সরকার। চিতাগুলোর জন্য নামিবিয়ার সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদি।
সে সময় এক বক্তব্যে তিনি বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক যে ১৯৫২ সালে ভারতে চিতা বিলুপ্ত ঘোষণা করার পর গত কয়েক দশকে তাদের ফিরিয়ে আনার কোনো চেষ্টাই করা হয়নি।’
আটটি চিতার মধ্যে পাঁচটি নারী ও তিনটি পুরুষ। নামিবিয়ার চিতা সংরক্ষণ তহবিলের (সিসিএফ) তথ্য অনুযায়ী, পাঁচটি নারী চিতার বয়স দুই থেকে পাঁচ বছরের মধ্যে।
আরও পড়ুন: পরীক্ষার খাতায় বানান ভুল, ছাত্রকে পিটিয়ে মারল শিক্ষক
অন্যদিকে পুরুষ চিতাগুলোর বয়স সাড়ে ৪ থেকে সাড়ে ৫ বছরের মধ্যে। চিতা বিশ্বের সবচেয়ে দ্রুতগামী প্রাণী। এদের গতি ঘণ্টায় ১১৩ কিলোমিটার।
শিকারীরা যাতে চিতাগুলোর ওপর থাবা না বসাতে পারে সেজন্য এগুলোর পাহারায় বসানো হচ্ছে ছয়টি জার্মান শেফার্ড। এগুলোকে এখন হরিয়ানা রাজ্যের পাঁচকুলা এলাকায় ইন্দো তিব্বতান বর্ডার ফোর্সের এক ঘাঁটিতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে আগামী বছরের এপ্রিল থেকে কাজে লাগানো হবে তাদেরকে।
]]>