গুলশানে বিএনপির কর্মসূচিতে হামলা, তাবিথ আউয়াল আহত


September 18, 2022 at 04:57AM
from somoynews.tv | RSS Feed

নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে গুলশানে বিএনপির মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে হামলায় তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানকে।

বিএনপির অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে রাস্তার বিপরীত পাশ থেকে হঠাৎই অজ্ঞাতপরিচয়ের কিছু মানুষ ইটপাটকেল ছুড়তে থাকে।

নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে গুলশানে বিএনপির পূর্বনির্ধারিত মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে হঠাৎই হামলা চালানো হয়। রাস্তার বিপরীত পাশ থেকে কিছু লোক ইটপাটকেল ছুড়তে থাকে।

এতে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। একটি ইটের টুকরো তাবিথ আউয়ালের মাথায় লাগে। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউনাইটেড হাসপাতালে ভর্তি তাবিথ আউয়াল। ছবি: সংগৃহীত
ইউনাইটেড হাসপাতালে ভর্তি তাবিথ আউয়াল। ছবি: সংগৃহীত

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আমাদের কর্মসূচি শুরু হওয়ার আগেই রাস্তার অন্য পাশে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ মিছিল করছিল। মোমবাতি প্রজ্বালনের আগে কর্মসূচিতে আসা নেতাকর্মীদের উদ্দেশে বক্তৃতা করছিলেন প্রধান অতিথি খন্দকার মোশাররফ হোসেন। তার বক্তব্য শেষ হওয়ার আগেই আমাদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।’

আরও পড়ুন: মির্জা ফখরুল প্রমাণ করেছেন বিএনপি পাকিস্তানের এজেন্ট: তথ্যমন্ত্রী

তিনি বলেন, ‘হামলায় বহু নেতাকর্মী আহত হয়েছেন। অনেক নারী কর্মীও আহত হয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালের অবস্থা গুরুতর। এভাবে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা হতে পারে, মাথায়ই আসে না।’

এদিকে, আহত তাবিথ আউয়ালকে দেখতে হাসপাতালে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হামলা চালিয়ে বিএনপির আন্দোলন দমাতে চায় সরকার।

এর আগে শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোমবাতি প্রজ্বালন ও অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। পল্টন, কাকরাইল ও নাইটিঙ্গেল মোড় পর্যন্ত নেতাকর্মীরা মোমবাতি জ্বালিয়ে অবস্থান নেন। এ সময় সরকারকে হুঁশিয়ারি করে মির্জা ফখরুল বলেন, আন্দোলন দমাতে সহিংসতার পথে হাঁটছে সরকার।

সব বাধা উপেক্ষা করে আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারিও দেন বিএনপির মহাসচিব।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url