ওপেনিংয়ে অভিজ্ঞতার অভাবে এশিয়া কাপে ভুগতে পারে দল, মত সাবেকদের

August 15, 2022 at 05:05AM
from somoynews.tv | RSS Feed
অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে এশিয়া কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড বেশ ভারসাম্যপূর্ণ হয়েছে বলে মনে করেন দুই সাবেক ক্রিকেটারর ইশতিয়াক আহমেদ ও নিয়ামুর রশীদ রাহুল। যদিও ইনফর্ম লিটন না থাকায় ওপেনিংয়ের ঘাটতিটাকে বড় করে দেখছেন তারা। টি টোয়েন্টিতে ইতিবাচক ফল পেতে পাওয়ার ক্রিকেটের পাশাপাশি ম্যাচ উইনিং মনোভাবের ওপর গুরুত্ব দেয়ার পরামর্শ সাবেকদের। ট্রফি জেতা চ্যালেঞ্জিং হলেও, সাকিবের যোগ্য নেতৃত্বে শিরোপার দোরগড়ায় পৌঁছাবে টাইগাররা। বিশ্বাস সাবেক এই দুই ক্রিকেটারের।
এশিয়া কাপের জন্য ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ১৪ থেকে ১৫ সদস্যের দল ঘোষণা করলেও, বেশ কজন ক্রিকেটার ইনজুরিতে থাকায় বাংলাদেশের স্কোয়াড ১৭ সদস্যের। যেখানে চমক বলতে তিন বছর পর দলে ফেরা সাব্বির রহমান। এছাড়াও কেন হুট করেই দলে নেই শরিফুল তা নিয়েও রয়েছে প্রশ্ন!
প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে জায়গা করেছেন পেসার এবাদত হোসেন। যদিও লিটন-নাইমরা না থাকায় ওপেনিং নিয়ে সংশয় রয়েছে সাবেকদের। টি টোয়ন্টিতে বিজয়ের কিছুটা অভিজ্ঞতা থাকলেও, তরুণ পারভেজ ইমন এ ফরম্যাটে কতটা সামলাতে পারবেন তা নিয়ে রয়েছে শঙ্কা?
আরও পড়ুন:অধিনায়কত্ব পাওয়ার পরই অনুশীলনে সাকিব
সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ মনে করেন, মিডল অর্ডারে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল ঘটলেও, ওপেনিংয়ে রয়ে গেছে অভিজ্ঞতার ঘাটতি। তিনি বলেন, 'অভিজ্ঞতাহীন একটা ওপেনিং পেয়ার, যে পজিশনেই আমার বড় সমস্যা, সেখানে মনে হয় একটু গভীরতা দরকার ছিল, একটু অভিজ্ঞতা দরকার ছিল। যাহোক এটা ছাড়া মিডল অর্ডার ব্যাটার যারা আছেন সাকিব, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিক, আফিফ, এখানে মোসাদ্দেক আছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে , এখানে ওপেনিং ব্যাটারের একটা ঘাটতি রয়েই গেছে।'
আরেক সাবেক নিয়ামুর রশীদ রাহুল বলেন, 'বিজয় ও ইমনের ব্যাপারে যদি কনফিডেন্স না হয়, তারাও কিন্তু, বিশেষ করে ইমনের কিন্তু ইন্টারন্যাশনাল অ্যারেনায় খুব বেশি অভিজ্ঞতা নেই। আর এতবড় একটা টুর্নামেন্টে ইমনকে দিয়ে কতটুকু রিস্ক নেবে বাংলাদেশ দল সেটাও একটা প্রশ্ন।'
দীর্ঘদিন পর স্কোয়াডে ফেরা সাব্বির রহমান স্ট্রাইক রেট আর মোমেন্টাম বিবেচনায় এশিয়ার কাপের জন্য পারফেক্ট চয়েজ। সেই সঙ্গে টাইগারদের পেস ও স্পিন বোলিং কম্বিনেশনটাও বেশ সমৃদ্ধ। সবমিলিয়ে অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে এশিয়া কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ভারসাম্যপূর্ণ। তারপরও পাওয়ার ক্রিকেট ও ম্যাচ উইনিং মনোভাবের ওপর গুরুত্ব দিয়েছেন সাবেকরা।
আরও পড়ুন:এক ম্যাচ খেলেই এশিয়া কাপের দলে
নিয়ামুর রশীদ রাহুল বলেন, ‘সাকিব হয়তো সাব্বিরকে দিয়ে একটা গ্যাম্বলিং করতে পারে মেইকশিফট ওপেনার হিসেবে কারণ ও খুব ভালো হার্ডহিটার। ইট ইজ দ্য বেস্ট পসিবল টিম এবং আমার মনে হয় যে, এশিয়া কাপে আর এর চেয়ে ভালো জিনিস হয়তো আর নাই।’
অন্যদিকে ইশতিয়াক আহমেদ বলেন, ‘বোলিং কম্পজিশন ইজ ওকে। আমরা জানি, ফার্স্ট বোলার কারা খেলবে। হাসান মাহমুদকে নেওয়া হয়েছে -ভালো লেগেছে কারণ সে একজন প্রমিসিং ইয়ংস্টার। তাকে (সাব্বির) নেওয়া হয়েছে, অ্যাজ অ্যা 'পাওয়ারফুল হিটার অব দ্য বল' এবং সেটাও নির্ভর করবে কোন অর্ডারে সে ব্যাটিং করবে এবং আদৌ সে সুযোগ পাবে কি-না?’
এশিয়া কাপের তিন আসরে ফাইনাল খেললেও ছোঁয়া হয়নি চ্যাম্পিয়নশিপ। এবারো ট্রফি জেতাটা বাংলাদেশর জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন সাবেকরা।