চকবাজারের অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তা

August 17, 2022 at 05:49AM
from somoynews.tv | RSS Feed
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের নির্দেশে চকবাজারে অগ্নিকাণ্ডে বরিশাল হোটেলের নিহত ৬ জন শ্রমিকের স্বজনদের হাতে শ্রমিক কল্যাণ তহবিল থেকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের ঢাকা জেলার উপমহাপরিদর্শক মো. সালাহ উদ্দিনসহ অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা মিটফোর্ড হাসপাতালে গিয়ে নিহত ৬ শ্রমিক স্বপন সরকার, আব্দুল ওহাব, মো. বিল্লাল সরদার, মো. মোতালেব, মো. শরিফ ও রুবেল হিলালুর স্বজনদের হাতে সহায়তার চেক তুলে দেন।
এ দুর্ঘটনায় আর কোনো আহত বা নিহতের তথ্য পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার সকালে শ্রম প্রতিমন্ত্রী মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় চকবাজারের নিহত ৬ শ্রমিকের প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেন। এ সময় তিনি নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আরও পড়ুন: চকবাজারে আগুনে নিহতদের পরিবারপ্রতি ২ লাখ টাকা দেয়ার ঘোষণা
সোমবার (১৫ আগস্ট) দুপুর পৌনে ১২টায় চকবাজারের দেবীদাস ঘাট লেনে একটি রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হয়, রেস্টুরেন্টে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের পর ছড়িয়ে পড়ে আগুন। একই ভবনের ওপর তলায় পলিথিন ও প্লাস্টিক কারখানা থাকায় মুহূর্তেই তীব্র আকার ধারণ করে আগুন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
পরে ওই দিন বিকেলে আগুন লাগা ভবন থেকে একে একে ছয়জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।