শ্বশুরবাড়িতে গৃহবধূকে রক্তাক্ত জখম

August 06, 2022 at 05:46AM
from somoynews.tv | RSS Feed
বাগেরহাটে মোংলায় যৌতুকের দাবিতে সোনিয়া আক্তার নামে এক গৃহবধূকে মারধর করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে।
শুক্রবার (০৫ আগস্ট) দুপুরে পৌর শহরের ৭নং ওয়ার্ড জয়বাংলা সড়কে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করে মোংলা থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর মা।
আহত সোনিয়া আক্তার উপজেলার চিলা ইউনিয়নের বৈদ্যমারী গ্রামের মৃত আ. গনি মিয়ার মেয়ে।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, সোনিয়া আক্তার বড় হন দাদির কাছে। ছোট বেলায় তার বাবা মারা যান। সাত বছর বয়সে তাকে রেখে অন্যত্র বিয়ে করে চলে যান মা রাজিয়া বেগম।
২০১৫ সালে মোংলা পোর্ট পৌরসভার ৭নং ওয়ার্ডের আলী আজমের ছেলে আলমগীর হোসেনের সঙ্গে বিয়ে হয় সোনিয়া আক্তারের। সুখেই চলছিল তাদের জীবন। তাদের সংসারে ৫ বছর বয়সের একটি কন্যা সন্তানও রয়েছে।
আরও পড়ুন: রাতে গৃহবধূকে তুলে নিয়ে ধানক্ষেতে নির্যাতন, মূলহোতা গ্রেপ্তার
সন্তান হওয়ার পর থেকে সোনিয়ার ওপর শুরু হয় স্বামী ও তার শ্বশুরবাড়ির নির্যাতন। যৌতুকের টাকা দিতে না পারায় নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। অন্যের সংসারে থাকার পরও মা রাজিয়া বেগম মেয়ের সুখের জন্য মালামালসহ কিছু টাকাও দেন আলমগীরকে। কিন্তু তাতেও বন্ধ হয়নি সোনিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন।
শুক্রবার দুপুরেও একই দাবিতে সোনিয়াকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেন স্বামী। এ সময় সোনিয়া প্রতিবাদ করায় শ্বশুর আলী আজম ও শাশুড়ি আসিয়া বেগমও পুত্রবধূ সোনিয়াকে মেরে অচেতন করে ফেলে রাখেন। এ সময় সোনিয়াকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল হাসপাতালে নেয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ মনিরুল ইসলাম জানান, পৌর শহরের জয়বাংলা সড়কের সোনিয়া আক্তার নামের এক গৃহবধূকে মারধরে ঘটনায় অভিযোগ দেয়া হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পুলিশের ওই কর্মকর্তার।