চট্টগ্রামের ৭৭ শিক্ষার্থী পেলেন আইসিসিআর শিক্ষাবৃত্তি

August 31, 2022 at 12:25AM
from jagonews24.com | rss Feed
ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স (আইসিসিআর) এর শিক্ষাবৃত্তির জন্য চট্টগ্রাম বিভাগের ৭৭ জন মনোনীত হয়েছেন। এর মধ্যে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী রয়েছে। ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা বিনামূল্যে পড়াশোনার জন্য আইসিসিআর এ শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ বছর বেশি শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে আইসিসিআর নতুন ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন ভারতীয় সহকারী হাইকমিশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি বলেন, বর্তমান সময়ে এশিয়ার শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার আদর্শ গন্তব্য হয়ে উঠেছে ভারত। প্রতিবেশী নেপাল, ভুটান ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ-পূর্ব ও মধ্য এশিয়ার অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ভারতে যাচ্ছে। আজ মেধা ও যোগ্যতার মাধ্যমে চট্টগ্রামের শিক্ষার্থীরা আইসিসিআর শিক্ষাবৃত্তির জন্য মনোনীত হয়েছেন।
শিক্ষা উপমন্ত্রী বলেন, ইউরোপ আমেরিকায় উচ্চশিক্ষাকে লাভজনক খাত হিসেবে দেখা হয়। তাই এসব দেশে পড়ালেখার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের অতিরিক্ত অর্থ খরচ করতে হয়। সে তুলনায় ভারতে ফি তুলনামূলকভাবে অনেক কম। ইউরোপ আমেরিকায় পড়তে গিয়ে সাংস্কৃতিক গ্যাপের মধ্যে পড়ে যায়। ফলে তারা আর বাংলাদেশে ফিরে আসে না। কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের ধর্ম-সংস্কৃতি ও বিভিন্ন বিষয়ে মিল রয়েছে। যা এসব শিক্ষার্থীদের উচ্চশিক্ষা কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে।
সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন আইসিসিআর ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তার পেশাগত জীবনের বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করেন।
ডা. রাজীব রঞ্জন বলেন, পৃথিবীর প্রাচীনতম সভ্যতার দেশগুলোর একটি ভারত। একইসঙ্গে এটি পৃথিবীর অন্যতম উচ্চশিক্ষা কেন্দ্র। পৃথিবীর প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিষ্টপূর্ব সপ্তম শতকে। বিজ্ঞানের বিভিন্ন শাখায় ভারতীয়রা অবদান রেখেছে। বর্তমানের ইউরোপ আমেরিকা প্রকৌশল ও চিকিৎসা খাতে ভারতীয়রা দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এছাড়াও আইসিটি খাতেও লাখ লাখ ভারতীয় কাজ করছে পৃথিবীর বিভিন্ন দেশে। মানসম্মত উচ্চশিক্ষা প্রদানে ভারতের সক্ষমতা রয়েছে। বিশেষ করে প্রযুক্তি ও চিকিৎসা ক্ষেত্রে উচ্চ মানসম্মত উচ্চশিক্ষায় ভারত অন্যতম।
তিনি বলেন, বাংলাদেশ ভারতের অকৃত্রিম বন্ধু। ভারত-বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক বিশ্বাস ও সম্প্রীতির ওপর টিকে আছে। আমি বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের ভারতে স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি তারা উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।
সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম ভারতীয় সহকারী হাইকমিশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও শিক্ষার্থীদের অনুপ্রাণিত ও উৎসাহিত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি উদতঝাসহ অন্য কর্মকর্তারা।
আইসিসিআর ভারত সরকারের অন্যতম প্রধান কর্মসূচি, যার আওতায় মেধাবী বাংলাদেশি নাগরিকরা ভারতে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি স্তরে বিভিন্ন কোর্স করার সুযোগ পায়।
ইকবাল হোসেন/আরএডি