দুই দশক পর লিডসের বিপক্ষে চেলসির হার


August 22, 2022 at 06:20AM
from somoynews.tv | RSS Feed

প্রিমিয়ার লিগের প্রথম তিন ম্যাচে তিন ধরণের অভিজ্ঞতা হলো চেলসির। প্রথম ম্যাচে জয় পাওয়া চেলসি দ্বিতীয় ম্যাচে লন্ডন ডার্বিতে ড্র করে টটেনহ্যামের বিপক্ষে। তবে তৃতীয় ম্যাচে অপ্রত্যাশিতভাবে বড় অঘটনের শিকার হয়েছে ব্লুজরা। লিডসের মাঠে ৩-০ গোলের ব্যবধানে হেরেছে চেলসি।

রোববার (২১ আগস্ট) প্রিমিয়ার লিগের ম্যাচে ইল্যান্ড রোডে লিডসের বিপক্ষে প্রথমার্ধে ২ গোল খাওয়া চেলসি দ্বিতীয়ার্ধে খায় আরও এক গোল। এদিন ম্যাচের শেষের দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির সেন্টারব্যাক কালিদু কৌলিবালি।

লিডসের মাঠে এদিন বলের দখলে অবশ্য এগিয়ে ছিল চেলসিই। আক্রমণেও এগিয়ে ছিল ব্লুজরা। এমনকি ম্যাচের শুরুতে গোলের দেখাও পেয়ে যায় তারা। ম্যাচের পঞ্চদশ মিনিটে রহিম স্টার্লিং বল পাঠান লিডসের জালে। তবে অফসাইডের কারণে সে গোল বাতিল করে দেন রেফারি। সাত মিনিট পর ম্যাসন মাউন্টকে গোলবঞ্চিত করেন লিডসের গোলরক্ষক মেসলিয়ের।

আরও পড়ুন:লিভারপুলকে হারাতে হলে নামানো যাবে না রোনালদোকে, মত রুনির

৩৩ মিনিটে গোলরক্ষক এদুয়ার্দো মেন্দির ভুলে গোল খায় চেলসি। সতীর্থের ব্যাকপাস পেয়ে ছোট ডি-বক্সে অনেকটা সময় নষ্ট করেন চেলসি গোলরক্ষক। ততক্ষণে তার কাছাকাছি পৌঁছে যান এই মৌসুমে লিডসের নতুন সাইনিং ব্রেন্ডেন অ্যারনসন। শেষ মুহূর্তে তাকে এড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হন চেলসির সেনেগালিজ গোলরক্ষক মেন্দি। ট্যাকলে বল পেয়ে ফাঁকা জালে বল পাঠান যুক্তরাষ্ট্রের এই উইঙ্গার।

অপ্রত্যাশিত গোলের ঘোর কাটার আগেই ফের গোল হজম করে লন্ডনের দলটি। ৩৭ মিনিটে হ্যারিসনের নেওয়া ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে গোল করেন লিডসের স্প্যানিশ স্ট্রাইকার রদ্রিগো মরেনো।

৬৯ মিনিটে ফের গোল খায় চেলসি। রদ্রিগোর সহায়তায় গোলটি করেন জ্যাক হ্যারিসন। এই গোলের সঙ্গে সঙ্গেই কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় চেলসি।

আরও পড়ুন:আগুয়েরোকে ছাড়িয়ে গেলেন কেইন

হতাশার দিনে চেলসির দুর্দশার ষোলকলা পূর্ণ হয় ৮৪ মিনিটে। লিডসের এক খেলোয়াড়কে পেছন থেকে টেনে ফেলে দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার কালিদু কৌলিবালি।

লিডসের বিপক্ষে প্রায় দুই দশক পর হারের মুখ দেখল চেলসি। এর আগে এই মাঠেই ২০০২ সালে ২-০ ব্যবধানে হেরেছিল তারা।

এই জয়ে তিন ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে লিডস। অন্যদিকে তিন ম্যাচে একটি করে জয়-ড্র-হারে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১২ নম্বরে চেলসি।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url