উইন্ডিজ কন্ডিশনে মানিয়ে নিতে ব্যর্থ 'এ' দল

August 09, 2022 at 06:35AM
from somoynews.tv | RSS Feed
ওয়েস্ট ইন্ডিজ সফরে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারেনি বাংলাদেশের ক্রিকেটাররা। সঙ্গে ব্যাটারদের শট সিলেকশনে ঘাটতি ছিল। যা প্রথম চার দিনের ম্যাচে দলকে বেশ ভুগিয়েছে। এমনটাই মনে করেন বাংলাদেশ 'এ' দলের হেড কোচ মিজানুর রহমান বাবুল। দ্বিতীয় ম্যাচের আগে ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করতে, ভিন্ন পরিকল্পনার কথাও জানান তিনি। কোচের সঙ্গে একমত অধিনায়ক মিথুনও। দ্বিতীয় টেস্টে সামর্থ্যের সবটুকু দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তার।
ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে বৃষ্টির কল্যাণে প্রথম চার দিনের ম্যাচ ড্র হলেও বাংলাদেশের পারফরম্যান্স ছিলো পুরোপুরি ব্যর্থ। ক্যারিবিয়ান বোলারদের পেস, বাউন্সে রীতিমতো হিমশিম খেয়েছেন জয়, সাদমান, সাইফ হাসানরা। বোলাররাও আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেনি। খালেদ আহমেদ , নাঈম হাসানরা আশা জাগালেও উইকেট থেকে বাড়তি সুবিধা আদায় করেত পারেন নি।
ভিন্ন কন্ডিশনে ভালো করার মূলমন্ত্র যে কোন কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেয়া। আর সে জায়গায় দূর্বলতা স্পষ্ট বাংলাদেশের ক্রিকেটারদের। মনে করেন কোচ হেড কোচ।
আরও পড়ুন: এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বুমরাহ!
কোচ মিজানুর রহমান বাবুল বলেন, 'সব সময় আমাদের এরকম একটা কষ্টের সম্মুখীন হতে হয় সব জায়গায় গিয়ে। নতুন জায়গায় গিয়ে নতুনভাবে অ্যাডজাস্ট করতে হয় আমাদের পরিবেশের সঙ্গে। এখানে এসেও প্রস্তুতিটা আমরা দুদিন ভালোই নিয়েছি। কিন্তু প্রস্তুতির পাশাপাশি ম্যাচে গিয়ে ওই জায়গাটায় শট সিলেকশনে আমাদের কিছুটা ঘাটতি ছিল। ব্যাটসম্যান ও বোলারদের অ্যাডজাস্টমেন্টের একটা ঘাটতি ছিল। ছেলেদের রিফ্রেশ করার জন্য তাদের ছুটি দিয়েছি।'
কঠিন কন্ডিশনে ভালো করতে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে দেশের মাটিতে বিশেষ ক্যাম্প করেছিল বাংলাদেশ 'এ' দল। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম ম্যাচের পারফরম্যান্সে সেই প্রস্তুতির ছিটে-ফোঁটা দেখা যায়নি খুব একটা। এজন্য অবশ্য বাউন্সি উইকেটে নিজেদের অনভ্যস্ততার কথাই বলছেন অধিনায়ক মিঠুন।
আরও পড়ুন: এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বুমরাহ!
অধিনায়ক বলেন, 'ম্যাচ উইকেট কিছুটা প্র্যাকটিস উইকেটের চেয়ে বাউন্স-পেস একটু বেশিই ছিল। আমি মনে করি অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হয়েছে। আমি আশাবাদী সেকেন্ড ম্যাচে আমরা ফাইটব্যাক করব।'
সফরের দ্বিতীয় চার দিনের ম্যাচে আগামী ১০ আগস্ট ক্যারিবীয়দের মুখোমুখি হবে বাংলাদেশ 'এ' দল। টেস্ট সিরিজ শেষে খেলবে তিনটি একদিনের ম্যাচও।