আবারও লাইপজিগে ভেরনার


August 11, 2022 at 06:17AM
from somoynews.tv | RSS Feed

জার্মান স্ট্রাইকার টিমো ভেরনার আবারও তার আগের ক্লাব আরবি লাইপজিগে পাড়ি জমালেন। দুই মৌসুম চেলসিতে কাটানোর পর পুরনো ক্লাবেই ফিরলেন ২৬ বছর বয়সী এই জার্মান।

ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, আড়াই কোটি পাউন্ডে ভেরনারকে দলে ফেরাল লাইপজিগ। মঙ্গলবার (৯ আগস্ট) এক বিবৃতিতে উভয় ক্লাবই নিশ্চিত করেছে ভেরনারের দলবদলের খবরটি। ২০২০ সালের জুনে প্রায় সাড়ে চার কোটি পাউন্ড খরচ এই লাইপজিগ থেকেই তাকে কিনেছিল চেলসি। 

ক্যারিয়ারে সবচেয়ে সেরা সময়টা ভেরনার কাটিয়েছেন লাইপজিগে। ২০১৬-২০ পর্যন্ত সেখানে খেলে ক্লাবটির হয়ে রেকর্ড ৯৫ গোল করেন তিনি। ২০০৯ সালে প্রতিষ্ঠার পর লাইপজিগের অল্প সময়ে জার্মান ফুটবলে বড় মাপের দল হয়ে ওঠার পেছনে বড় অবদান ছিল ভেরনারের। তাকে আবারও ফিরে পাওয়াটা দলের জন্য বিশেষ কিছু, বললেন ক্লাবটির স্পোর্ট ডিরেক্টর ফ্লোরিয়ান স্কোলজ।

আরও পড়ুন: নাপোলি থেকে সেনেগালের ডিফেন্ডারকে দলে টানল চেলসি 

২০১৭ সালের কনফেডারেশন্স কাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে জার্মানির জয়ের ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে পা রাখেন ভেরনার। হয়ে ওঠেন জাতীয় দলের গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়। জার্মানির হয়ে এখন পর্যন্ত ৫০ ম্যাচ খেলেছেন তিনি।

গত দুই মৌসুমে সময়টা আশানুরূপ না কাটলেও স্ট্যামফোর্ড ব্রিজের দলটির হয়ে ভেরনারের অর্জন কম নয়। চেলসির হয়ে ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জেতেন তিনি। জার্মান এই স্ট্রাইকার চেলসির হয়ে দুই মৌসুম খেলে লিগে ৫৬ ম্যাচে মাত্র ১০ গোল করেছেন।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url