এক মিনিটে ১৭ বোম্বাই মরিচ খেয়ে বিশ্বরেকর্ড

August 13, 2022 at 07:56AM
from somoynews.tv | RSS Feed
ঝালের জন্য বিখ্যাত দক্ষিণ এশিয়ার নাগা মরিচ বা বোম্বাই মরিচ। পশ্চিমারা একে ভয়ংকর স্বাদের জন্য ‘ঘোস্ট পিপার বা ভূত মরিচ’ বলেও ডাকে। আর ১ মিনিটে ১৭টি বোম্বাই মরিচ খেয়ে এবার গিনেস বুকে নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের গ্রেগরি ফস্টার নামে এক ব্যক্তি। খবর এনডিটিভির।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ফস্টার ২০২১ সালের নভেম্বরে এক মিনিটে ১৭টি বোম্বাই মরিচ খেয়ে রেকর্ড গড়েছিলেন। তবে গেল সোমবার (০৮ আগস্ট) তার স্বীকৃতি মিলেছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্যমতে, বোম্বাই মরিচ বিশ্বের অন্যতম ঝাল মরিচ হিসেবে পরিচিত। এতে ১০ লাখ স্কোভিল (ঝাল পরিমাপের একক) রয়েছে। এর মানে, ফস্টার এক মিনিটে প্রায় ১ কোটি ৭০ লাখ স্কোভিল ঝাল সহ্য করেছেন।
আরও পড়ুন: সন্তান স্মরণে দীর্ঘ নখ রেখে বিশ্বরেকর্ড
এক বিবৃতিতে গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেগরি ফস্টার বরাবরই ঝালযুক্ত খাবার পছন্দ করেন। এমনকি বাড়িতে নিজেই মরিচের চাষ করেন। তিনি বছরের পর বছর নিজের ঝাল সহ্য করার শক্তি বাড়ানোর চেষ্টা চালিয়ে গেছেন। এ জন্যই বিশ্বের সবচেয়ে ঝাল মরিচগুলো এখন নির্বিঘ্নে হজম করে ফেলতে পারেন এই ব্যক্তি।
এ বিষয়ে ফস্টার বলেন, এই রেকর্ডের চেষ্টা ছিল আমার ব্যক্তিগত চ্যালেঞ্জ। দেখতে চেয়েছিলাম, আমি নিজেকে এবং অতিরিক্ত ঝাল মরিচের প্রতি আমার ভালোবাসাকে কতদূর নিয়ে যেতে পারি।
আরও পড়ুন: ১৪ পর্বতশৃঙ্গের প্রতিটিতে দুবার উঠে বিশ্বরেকর্ড
এর আগেও বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছেন গ্রেগরি ফস্টার। ২০১৭ সালে দ্রুততম সময়ে ৩টি ‘ক্যারোলিনা রিপার’ মরিচ খাওয়ার বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। এটি পৃথিবীর সবচেয়ে ঝাল মরিচ, যার স্কোভিল প্রায় ২২ লাখ। মাত্র ৮ দশমিক ৭২ সেকেন্ডে ছয়টি ক্যারোলিনা রিপার মরিচ খাওয়ার রেকর্ডও ফস্টারের দখলে।