নাঈম-সাব্বির ঝড়ে টাইগারদের বড় সংগ্রহ

August 19, 2022 at 06:04AM
from somoynews.tv | RSS Feed
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বড় পুঁজি পেয়েছে টাইগাররা। সেন্ট লুসিয়ায় বৃহস্পতিবার (১৮ আগস্ট) প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ ইউকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করেছে সফরকারীরা। শতক হাঁকিয়েছেন নাঈম শেখ এবং অর্ধশতক হাঁকান সাব্বির রহমান।
প্রথম ওয়ানডেতে জ্বলে উঠতে পারেননি ওপেনার নাঈম শেখ। তবে দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেই সাজঘরে ফেরেন তিনি। ১১৬ বলে তিনি করেন ১০৩ রান।
সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে নামেন নাঈম। আগের ম্যাচে ১৫ রান করা সৌম্য এদিন আউট হন মাত্র ৬ রানে। সৌম্য আউট হওয়ার পর ১৯ রানের এক ইনিংস আসে সাইফ হাসানের ব্যাট থেকে। তাকে ফেরান ব্রায়ান চার্লজ।
আরও পড়ুন: সেঞ্চুরি করেই সাজঘরে নাঈম শেখ
দুই উইকেট হারিয়ে ফেলার পর মোহাম্মদ মিঠুনের সঙ্গে লম্বা ইনিংস খেলেন নাঈম। হাফসেঞ্চুরি পূর্ণ করে ধীরে ধীরে সেঞ্চুরির দ্বারপ্রান্তে চলে যান তিনি। সেঞ্চুরি পূর্ণও করেন ওপেনিংয়ে নামা এ ক্রিকেটার। কিন্তু আর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি তিনি। আউট হন ১০৩ রানের মাথায়।
নাঈম শেখ ফিরে গেলে দলপতি মোহাম্মদ মিঠুন ব্রায়ানের বলে এলবিডব্লিউর ফাঁদে পা দেন। স্কোর বোর্ডে দলপতি যোগ করেন ২৮ রান। ৩৩ বলে ২৪ রান নিয়ে সাজঘরে ফেরেন শাহাদাত হোসেন দিপু। তবে এক পাশ আগলে রাখেন সাব্বির রহমান। শেষ পর্যন্ত ৫৮ বলে ৬২ রান করে ফেরেন তিনি। ৬টি চার ও ১টি ছক্কায় সাজান নিজের ইনিংস। ১১ বলে ১৭ রানে অপরাজিত থাকেন জাকের আলী অনিক।
আরও পড়ুন: বিজয়ের সঙ্গে ওপেনিংয়ে নামতে পারেন মেহেদী কিংবা মুশফিক!
প্রসঙ্গত, প্রথম ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে ৮০ রানে অলআউট হয় বাংলাদেশ ‘এ’ দল। বাংলাদেশ হারে ৪ উইকেটে। মিঠুন বাহিনীর দেয়া ৮১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দল।