সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী

August 23, 2022 at 10:51PM
from jagonews24.com | rss Feed
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ নিশ্চিত করতে হবে। আমন মৌসুমে সেচের জন্য রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত কৃষকরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ পাবেন।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে অনলাইনে ‘সেচ কার্যক্রমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন এলাকায় অতিরিক্ত লোডশেডিং হচ্ছে, যা কাম্য নয়। বিদ্যুতের চাহিদা ও সরবরাহের সঙ্গে সমন্বয় করে সুষম বন্টন নীতি অবলম্বন করা আবশ্যক।
‘সেচ কার্যক্রম কোনো অবস্থাতেই ব্যাহত করা যাবে না। বিদ্যুৎ বিভাগ থেকে এ সংক্রান্ত কার্যক্রম সমন্বয়, তদারকি ও পরিবীক্ষণ জোরদার করতে হবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, আমন মৌসুমে সাধারণত পর্যাপ্ত বৃষ্টি হয়ে থাকে। চলতি আমন মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় কৃষিখাতে উৎপাদন অব্যাহত রাখার জন্য সেচযন্ত্রসমূহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা প্রয়োজন।
‘বিদ্যুৎ বিভাগের ছয়টি বিদ্যুৎ বিতরণ সংস্থার আওতায় ৪ লাখ ৬৪ হাজার ৩১টি সেচসংযোগ রয়েছে। সবকটি সংযুক্ত থাকলে ২ হাজার ২২৮ দশমিক ৫০২ মেগাওয়াট বিদ্যুৎ লাগবে।
তিনি আরও বলেন, আমন মৌসুম প্রায় শেষের দিকে। আর মাত্র ১০-১৫ দিন বাকি রয়েছে। বিতরণ সংস্থাগুলোর নিয়ন্ত্রণ কক্ষ খোলা ও সেখানে ব্যবহৃত টেলিফোন ও মোবাইল ফোন নম্বর ওয়েবসাইটে প্রকাশসহ সংশ্লিষ্টদের জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ভার্চুয়াল সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান মো. সেলিম উদ্দিন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেনসহ একাধিক দপ্তর প্রধানরা।
এমআইএস/এসএএইচ