অধিনায়ক সাকিবের প্রথম দফা নেতৃত্বে যেমন ছিল পারফরম্যান্স


August 14, 2022 at 05:52AM
from somoynews.tv | RSS Feed

অনেক জল্পনা-কল্পনা ও নাটকের পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নেতৃত্বের ব্যাটনটা গেল সাকিব আল হাসানের হাতেই। আসন্ন এশিয়া কাপ ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দেবেন এই অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব টি-টোয়েন্টি ফরম্যাটেও দেশসেরা পারফর্মার। নেতৃত্ব হাতে পেয়ে সামনে থেকে দেশকে নেতৃত্ব দেবেন এমনটাই আশা সবার।

প্রায় তিন বছর পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেলেন সাকিব আল হাসান। এই ফরম্যাটে এখন পর্যন্ত ২১ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে, খুব একটা সাফল্য পাননি। সাকিবের ক্যাপ্টেন্সিতে মাত্র ৭ জয় আছে বাংলাদেশের। কেমন ছিলো সংক্ষিপ্ত সংস্করণে তার পারফরম্যান্স, দেখে নেবো এবারের প্রতিবেদনে।

২১ সেপ্টেম্বর ২০১৯। টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সবশেষ নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান। চট্টগ্রামে প্রতিপক্ষ আফগানিস্তানের বোলাররা সেদিন দেখেছিলো মিস্টার সেভেন্টি ফাইভের রুদ্রমূর্তি। দেড়শ'র ওপর স্ট্রাইকরেইটে ৪৫ বলে ৭০ রানের ইনিংস খেলে একাই জিতিয়েছিলেন দলকে।

আরও পড়ুন:বেটিং প্রতিষ্ঠানে চুক্তির বিষয়ে বিসিবিকে যা বললেন সাকিব

ক্যাপ্টেন হিসেবে সবশেষ ম্যাচেই সেরা ইনিংসটা খেলেছিলেন সাকিব। প্রত্যাবর্তনেও নিশ্চয়ই সেই সাকিবকেই দেখতে চাইবে টাইগার ভক্তরা। সামনেই যে বড় দুই ইভেন্ট। দরজায় কড়া নড়ছে এশিয়া কাপ। ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আসরটি। এরপর অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ।

যদিও এই ফরম্যাটে আগের দফায় রেকর্ড খুব একটা ভালো নয় সাকিবের। ২১ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে জয় পেয়েছেন ৭টিতে। হেরেছেন ১৪টিতে।

আরও পড়ুন:টি-টোয়েন্টির নেতৃত্বে সাকিব

অধিনায়কের দায়িত্বে ব্যাট হাতে সাকিব খুব একটা উজ্জ্বল ছিলেন না। ২১ ম্যাচে ২৪'এর কম গড়ে করেছেন ৪৫৪ রান। ফিফটি আছে ৩টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারি বল হাতে অবশ্য দারুণ। নিয়েছেন ২৭ উইকেট। ইকোনমি আর গড় ঈর্ষণীয়।

এখন পর্যন্ত ১৩১ টি-টোয়েন্টিতে মাত্র ৪৫ জয় আছে বাংলাদেশের। সংক্ষিপ্ত সংস্করণে ধুকতে থাকা দলকে ট্র্যাকে ফেরাবেন দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার, বিশ্বাস সবার।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url