জ্বালানি তেল আমদানির বিকল্প উৎস অনুসন্ধান করবো: পররাষ্ট্র সচিব


August 17, 2022 at 12:53AM
from jagonews24.com | rss Feed

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, জ্বালানি তেলের বিকল্প উৎস সন্ধানে নির্দেশনা এসেছে। তেল আমদানির বিকল্প উৎসের সুযোগও আমাদের রয়েছে। এক্ষেত্রে আমরা বিকল্প উৎস অনুসন্ধান করবো। অন্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে কাজ করবো।

মঙ্গলবার (১৬ আগস্ট) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান।

মাসুদ বিন মোমেন বলেন, রাশিয়ার অপরিশোধিত তেল পরিশোধনে ভারতের যে সক্ষমতা আছে, তা যদি আমরা করে নিতে পারি, তাহলে অবশ্যই আমরাও আনতে পারবো। তবে সেটি হয়তো সময়সাপেক্ষ। হয়তো কয়েকজন বিশেষজ্ঞ আসবেন। তারা আমাদের পরিশোধনাগারগুলো উন্নত করার কাজ করবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, মধ্যপ্রাচ্যের সব দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। সৌদি আরবও তেল দিতে প্রস্তুত আছে। এছাড়া কাতারের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আমরা সেখান থেকে এলএনজি আমদানি করি। তাই আমাদের অনেক বিকল্প আছে।

পররাষ্ট্র সচিব বলেন, ইরান আমাদের আরেকটি বিকল্প উৎস হতে পারে। যদিও ইরানের ওপরও কিছু নিষেধাজ্ঞা আছে। তাদের সঙ্গে পশ্চিমা দেশগুলোর একটি আলোচনা চলছে। এর ফল ইতিবাচক হলে নিষেধাজ্ঞাগুলো দ্রুতই তুলে নেওয়া হবে। তখন আরেকটি সম্ভাবনা তৈরি হবে। তবে ইরানের যে তেল তা এখানে কতটুকু পরিশোধন করা যাবে, সেটি দেখতে হবে।

সচিব আরও বলেন, ‘এখনো পর্যন্ত আমরা মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানি করি। এই বাজার আমাদের হাতে আছে। এটাই আমাদের ধরে রাখতে হবে। কোনোভাবে যেন ব্যাহত না হয়, সেদিকে নজর দিতে হবে।’

এএএইচ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url