‘ওসির সম্পদের অনুসন্ধান চেয়ে রিট’ সংবাদে ভুল ছবি ব্যবহার

August 13, 2022 at 07:30AM
from somoynews.tv | RSS Feed
দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ‘ওসির ৮তলা বাড়ি ও সম্পদের অনুসন্ধান চেয়ে রিট’ শিরোনামের সংবাদে ভুল ছবি ব্যবহার করা হয়েছে। ওই সংবাদে দেশের জন্য অকাতরে জীবন বিলিয়ে দেয়া পুলিশ অফিসার মো. মনিরুল ইসলামের ছবি ব্যবহার করা হয়, যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয় বিভিন্ন সামাজিক মাধ্যমে।
গত বুধবার (১০ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের ৮তলা বাড়িসহ বিপুল সম্পদ ও বীর মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। অনেক সংবাদমাধ্যম সেই নিউজে সিলেটে জঙ্গিদের বোমা বিস্ফোরণে নিহত জালালাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলামের ছবি ব্যবহার করে। যদিও বিভিন্ন সংবাদমাধ্যম সেই ভুল ছবিটি ব্যবহারের পরপরই পরিবর্তন করে নেয়। তবে কিছু সংবাদমাধ্যমে এখনও সেই ভুল ছবিটি দৃশ্যমান। এদিন সময় টেলিভিশনের লাইভে ওই ছবিটি ভুলক্রমে ব্যবহার করা হলেও সঙ্গে সঙ্গে তা প্রত্যাহার করা হয়।
খবরের প্রতিবেদন অনুযায়ী, গত ৪ আগস্ট ‘ঢাকায় ওসির ৮তলা বাড়িসহ বিপুল সম্পদ’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়। পুলিশের একজন পরিদর্শক হয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল কীভাবে এত সম্পদের মালিক হয়েছেন, তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ঢাকার কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জে চারটি প্লটসহ বিপুল সম্পদের মালিক ওসি মনিরুল ইসলাম। এছাড়া রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে একজন বীর মুক্তিযোদ্ধার বাড়ি দখলেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে গত ৮ আগস্ট হাইকোর্টকে অবগত করেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ১০ আগস্ট জনস্বার্থে এ রিটটি করেন তিনি। রিটে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
আরও পড়ুন: ওসির ৮তলা বাড়ি ও সম্পদের অনুসন্ধান চেয়ে রিট
সেই নিউজের ছবিতেই রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের জায়গায় সিলেটে শ্বাসরুদ্ধকর জঙ্গিবিরোধী অভিযানে শাহাদাৎ বরণকারী পুলিশ অফিসার মো. মনিরুল ইসলামের ছবি ব্যবহার করা হয়। ২০১৭ সালে সিলেটের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়াস্থ ‘আতিয়া মহলে’ জঙ্গিবিরোধী অভিযান। এটি ছিল দেশের ইতিহাসে সব চেয়ে দীর্ঘস্থায়ী ১৭ দিন ব্যাপী র্যাব-সেনা ও পুলিশের জঙ্গিবিরোধী অভিযান। সেই অভিযানে ওই বছরের ২৬ মার্চ জঙ্গি আস্তানার পাশে সন্ধ্যা ও রাতে পর পর দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম নিহত হন। এরপর নোয়াখালিতে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন ওসি মনিরুল ইসলাম।