মারধরের ঘটনা মিথ্যে, আ.লীগের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

July 14, 2022 at 06:12AM
from somoynews.tv | RSS Feed
দলীয় সভায় এক নেতাকে মারধরের অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় রাজধানীর শ্যামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান হাবু এবং সাংগঠনিক সম্পাদক কাজী সামিউল রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
বুধবার (১৩ জুলাই) দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হাবিবুর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের (মিরহাজীরবাগ-দোলাইরপাড়) কাউন্সিলর। আর সাংগঠনিক সম্পাদক কাজী সামিউল রহমান হাবিবুরের ছেলে। এর আগে, ১৯ মে তাদের সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল।
আরও পড়ুন: আওয়ামী লীগকে হুমকি দিয়ে কোনো লাভ নেই: কাদের
বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য শ্যামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান হাবু ও সাংগঠনিক সম্পাদক কাজী সামিউল রহমানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। পাশাপাশি তাদের বিরুদ্ধে উঠা অভিযোগের বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছিল। তাদের সেই জবাব সন্তোষজনক হওয়ায় এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় স্বপদে বহাল ও আনীত অভিযোগ থেকে অব্যহতি প্রদান করা হলো।