স্ত্রী হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

July 28, 2022 at 06:19AM
from somoynews.tv | RSS Feed
মানিকগঞ্জের দৌলতপুরে ভাঙ্গা-রামচন্দ্রপুর গ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. মিরাজ মিয়াকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
বুধবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এ আদেশ দেন।
মামলার এজাহার থেকে জানা যায়, পারিবারিক কলহের জেরে বিবাহের পর থেকে ফিরোজা আক্তারকে স্বামী মিরাজ মিয়া নির্যাতন করে আসছিল। বিয়ের ২৩ দিন পর ২০১৬ সালের ১৮ মার্চ রাতে স্ত্রীকে নিয়ে মিরাজ তার শ্বশুর মো. শামছুল দর্জির বাড়িতে ঘুমাতে যায়। মধ্যরাতে স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে ফিরোজার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে বাড়ির পাশের জঙ্গলে রেখে আসে।
আরও পড়ুন: কক্সবাজারে দস্যুতা-লুট, ৩ জনের কারাদণ্ড
এরপর বাড়ির সকলকে ডেকে বলে ফিরোজা প্রস্রাব করতে বের হয়ে আর ফিরে আসেনি। পরে বাড়ি ও আশপাশের সকলে মিলে খোঁজাখুঁজির পর জঙ্গলে তার মরদেহ খুঁজে পায়। এ সময় মিরাজকে ঘরে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার ও মিরাজকে আটক করে। পরে পুলিশের কাছে তার স্ত্রীর হত্যার কথা স্বীকার করেন মিরাজ।
পুলিশ ২০১৬ সালের ২৪ মে মিরাজকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৫ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণের পর বিকেল সাড়ে ৪টার দিকে আসামির উপস্থিতে এ রায় দেন।