‘মূর্তির ৬১ মুক্তির ৭১’ বইয়ের মোড়ক উন্মোচন

July 02, 2022 at 10:56PM
from jagonews24.com | rss Feed
প্রথম বাংলাদেশ ওয়ারকোর্স স্মারক গ্রন্থ ‘মূর্তির ৬১ মুক্তির ৭১’ বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।
শনিবার (২ জুলাই) আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইয়ের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম ওয়ারকোর্সে অংশগ্রহণকারী কয়েকজন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বিভিন্ন সেক্টরে ট্রেনিংপ্রাপ্ত দক্ষ সামরিক অফিসার তৈরির জন্য ভারতে অবস্থানকারী বাঙালি তরুণদের বাছাই করে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাথমিকভাবে ৬১ জন ক্যাডেট নির্বাচন করা হয়। এই কোর্সটির নাম দেওয়া হয় ‘প্রথম বাংলাদেশ ওয়ারকোর্স’। বঙ্গবন্ধুর পুত্র শেখ কামাল এই ৬১ জনের সঙ্গে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন।
ভারতের জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি থেকে ৪০ মাইল দূরে মূর্তি নামক ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড স্টেশনে তাদের ট্রেনিং শুরু হয় এবং ১৯৭১ সালে ৯ অক্টোবর পাসিং আউট প্যারেডের মাধ্যমে তারা বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক অফিসার হিসেবে অন্তর্ভুক্ত হন। পরবর্তীতে মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টরে যোগদান করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
এ কোর্সের ৬১ জনের মধ্যে ১৭ জন বীরত্বসূচক খেতাব পেয়েছেন। পাসিং আউট প্যারেডে তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সুপ্রিম কমান্ডার সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল আতাউল গণি উপস্থিত ছিলেন ।
এ বইটিতে প্রথম বাংলাদেশ ওয়ারকোর্সের বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব বর্ণিত হয়েছে।
এমএইচআর