স্বাধীন-শক্তিশালী বিচার বিভাগের স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর: আইনমন্ত্রী


July 25, 2022 at 12:23AM
from jagonews24.com | rss Feed

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, একটি স্বাধীন ও শক্তিশালী বিচার বিভাগের, যেখানে বিচারপ্রার্থী জনগণ ভোগান্তিহীনভাবে দ্রুত ন্যায়বিচার পাবেন।’

তিনি বলেন, ‘তার এ স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বেশকিছু সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে। পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে বিচার বিভাগের জন্য অত্যাধুনিক অবকাঠামো নির্মাণও করছে। যার অন্যতম উদাহরণ ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাঙ্গামাটি সিজেএম আদালত ভবন। এ ভবনের নির্মাণ ব্যয়, নির্মাণশৈলী, আয়তন ও সুযোগ-সুবিধা বিবেচনা করলে নিশ্চয়ই বলা যায়, এটি একটি অত্যাধুনিক স্থাপনা। এ স্থাপনা অপরূপ সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটিকে আরও আকর্ষণীয় করে তুলবে।’

রোববার (২৪ জুলাই) ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাঙ্গামাটিতে নবনির্মিত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত ভবন উদ্বোধন করেন আইনমন্ত্রী। পরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘রাঙ্গামাটিতে যে আদালত ভবন উদ্বোধন করা হলো, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের একটি খণ্ডচিত্র। বর্তমানে দেশের এমন কোনো সেক্টর খুঁজে পাওয়া যাবে না, যেখানে সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি।’

তিনি বলেন, ‘ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার আমলে বিচার বিভাগের যে উন্নয়ন হয়েছে, তার সবগুলো যোগ করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়কালের উন্নয়নের সমান হবে না। এটি নিছক মুখের কথা না। উন্নয়নের তথ্য-পরিসংখ্যান সেটাই বলে।’

মন্ত্রী বলেন, ‘জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির স্থান সংকুলানের জন্য সরকার সব জেলা শহরে ৮ বা ১০তলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রথম পর্যায়ে দুই হাজার ৪৬৬ কোটি টাকা ব্যয়ে ৪২ জেলায় সিজেএম আদালত ভবন নির্মাণ প্রকল্পের কাজ শেষপর্যায়ে রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ৩৩ জেলায় নির্মিত সিজেএম আদালত ভবন এরই মধ্যে উদ্বোধন করা হয়েছে। বাকি জেলাগুলোতে ভবন নির্মাণের লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে প্রকল্প গ্রহণ করা হচ্ছে।’

আনিসুল হক বলেন, ‘বিশ্বায়নের যুগে আইনের শাসন ও ন্যায়বিচার প্রাপ্তির অধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচার বিভাগের আধুনিকায়ন অপরিহার্য। এ বিশ্বাসকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিচার বিভাগের ডিজিটাইজেশনে আইনি পদক্ষেপসহ বেশকিছু পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপের সুফল জনগণ পেতে শুরু করেছে।’

আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব ও প্রকল্পের প্রধান সমন্বয়ক বিকাশ কুমার সাহা, রাঙ্গামাটির জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক প্রমুখ বক্তৃতা করেন।

এফএইচ/এএএইচ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url