ত্রাণের টাকায় পদ্মা সেতু ভ্রমণের অভিযোগ তুলে যুবলীগ নেতা বহিষ্কার

July 19, 2022 at 05:57AM
from somoynews.tv | RSS Feed
সিলেটে বন্যার্তদের জন্য উঠানো টাকায় পদ্মা সেতু ভ্রমণে গেছেন দলের নেতারা-সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের লাইভে এসে এমন অভিযোগ তোলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক মহসীন খন্দকার। এ ঘটনায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
রোববার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের দফতর সম্পাদক রিটন রায় বহিষ্কারের কথা উল্লেখ করেছেন।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগের সিনিয়র নেতৃবৃন্দও।
রিটন রায় স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ জুলাই মহসীন খন্দকার ফেসবুকের নিজ আইডি থেকে লাইভে এসে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিতভাবে বক্তব্য দিয়ে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করে দলীয় শৃঙ্খলাভঙ্গ করেছে। এছাড়া একাধিক রাষ্ট্র ও সমাজবিরোধী মামলা থাকায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন: আগস্টে আবারও ভয়াবহ বন্যার পূর্বাভাস
গত ১৭ জুলাই জেলা ও সদর যুবলীগের যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক জেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট শাহনূর ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এক বিবৃতিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মহসীন খন্দকারকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রে প্রস্তাব পাঠানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মহসীন খন্দকার তার ফেসবুকে লাইভে এসে বলেন, ‘সিলেটে বন্যার্তদের জন্য সাহায্য করতে জেলা ও সদর উপজেলা যুবলীগ টাকা উঠায়। আমিও পাঁচ হাজার টাকা দেই। কিন্তু অনেকবার বলার পরও তারা সাহায্য দেয়নি। উপরন্তু এ টাকা দিয়ে যুবলীগের নেতারা পদ্মা সেতু দেখতে যায়।’
এ সময় এমন ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন তিনি। বহিষ্কারের পর নিজের উপর অন্যায় হয়েছে বলে আবার ফেসবুক লাইভে এসে বক্তব্য রাখেন মহসীন খন্দকার।
আরও পড়ুন: দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২১
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস সাংবাদিকদের বলেন, ‘লাইভে এসে মিথ্যাচার করার পাশাপাশি মহসীন খন্দকারের বিরুদ্ধে আরও অভিযোগ থাকায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম খোকনের ব্যক্তিগত টাকায় পদ্মা সেতু ভ্রমণে গেছে।
এ ব্যাপারে সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহসীন খন্দকারের বক্তব্য জানতে তার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।