সালথায় সহিংস তাণ্ডব: ৪৮৮ জনের নামে পুলিশের চার্জশিট


July 19, 2022 at 10:58PM
from jagonews24.com | rss Feed

লকডাউন বাস্তবায়নকে কেন্দ্র করে আলোচিত ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন সরকারি অফিসে সহিংস তাণ্ডবের ঘটনায় করা মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।

এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় জেলে থাকা সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ ৪৮৮ জনের বিরুদ্ধে ফরিদপুরের বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) রাতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে বলেন, সালথা উপজেলায় সহিংস তাণ্ডবের ঘটনায় ৪৮৮ জনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় ৬১ পৃষ্ঠার অভিযোগপত্র (চার্জশিট) ফরিদপুরের বিজ্ঞ আদালতে দাখিল করা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা জানান, গত ২০ জুন তাণ্ডবের মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়। এ চার্জশিটে দাখিল করা মামলায় সালথায় মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় জেলে থাকা ওয়াদুদ মাতুব্বরকে শোন এরেস্ট (পুনরায় গ্রেফতার) দেখানোর জন্য গত ১৬ জুলাই পুলিশের পক্ষ থেকে কোর্টে একটি আবেদন দেওয়া হয়।

ওয়াদুদ মাতুব্বরের বিরুদ্ধে সালথার আলোচিত তাণ্ডব মামলায় ১৪৩/১৮৬/১৪৭/১৪৮/১৪৯/৩০২/২০১/৩৪১/৩৩২/৩৫৩/৩০৭/৪২৭/৪৩৬/১০৯/১১৪/৩৪ ধারার পেনাল কোডে দাখিল করা চার্জশিটে অভিযোগ আনা হয়।

২০২১ সালের ৫ এপ্রিল রাতে দেশের চলমান লকডাউনকে কেন্দ্র করে ও নানাবিধ গুজব ছড়িয়ে সালথা উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিসে তাণ্ডব চালায় কয়েক হাজার উত্তেজিত জনতা।

ওই সময় দুটি সরকারি গাড়িসহ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় তারা। এতে প্রায় আড়াই কোটি টাকার সম্পদ নষ্ট হয়। এ ঘটনায় দুই যুবক নিহত হন। ঘটনার পরদিন এ নিয়ে সালথা থানায় একটি মামলা করা হয়।

এন কে বি নয়ন/এমপি


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url