নড়াইলের ঘটনা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র: আমু

July 18, 2022 at 11:29PM
from jagonews24.com | rss Feed
নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে নাসিরনগরের ঘটনার ধারাবাহিকতা। এ ঘটনা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। এ বিষয়ে প্রশাসনের গাফিলতি আছে কী না, সেটি তদন্ত করে দেখতে হবে।
সোমবার (১৮ জুলাই) বিকেলে ১৪ দলের বৈঠক শেষে জোটের সমন্বয়ক ও মুখপাত্র আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
নড়াইলের ঘটনায় ১৪ দল বিব্রত জানিয়ে আমির হোসেন আমু বলেন, এ ঘটনা সাম্প্রদায়িক শক্তির উত্থান। এর আগে তারা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ অনেক জায়গায় এমন পরিস্থিতির সৃষ্টি করেছে। এটি দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
দেশের বর্তমান বিদুৎ পরিস্থিতি নিয়ে আমু বলেন, জ্বালানি সংকট এখন বৈশ্বিক সমস্যা। জ্বালানি তেল কিনতে হলে ব্যয় বাড়বে। এর ফলে জনগণের ওপর চাপ বাড়বে। তাদের কথা চিন্তা করে এলাকাভিত্তিক দু-এক ঘণ্টা লোডশেডিংয়ের সরকারি সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করে ১৪ দল।
দেশের চলমান পরিস্থিতি নিয়ে সোমবার রাজধানীর ইস্কাটনস্থ বাসভবনে ১৪ দলের নেতাদের নিয়ে বৈঠকে বসেন আমু।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃনাল কান্তি দাস ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় ১৪ দলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
এসইউজে/এমপি